ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, গুলশানের ক্যাফে থেকে গ্রেফতার চাকরিচ্যুত সেনাসদস্য

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ দুপুর
  • ৯৫১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ; সচিবালয়েও পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা

নিজেকে সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আসাদুল ইসলাম নামে এক চাকরিচ্যুত সেনাসদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর গুলশানের একটি ক্যাফে থেকে গুলশান থানা ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে আসাদুলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গুলশান থানা পুলিশের একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।

অভিযোগ রয়েছে, চাকরি, বদলি ও পদোন্নতি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন আসাদুল। নিজেকে শুধু সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের মেজর হিসেবেই নয়, জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) কর্মকর্তা হিসেবেও পরিচয় দিতেন তিনি।

পুলিশ সূত্র জানায়, আসাদুল ইসলাম একসময় সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তার চাকরি চলে যায়। এরপর থেকেই তিনি ভুয়া সামরিক পরিচয় ব্যবহার করে প্রতারণা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে। বাবার নাম আবুল মজিদ মোল্লা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আসাদুল স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে প্রচার করতেন। এসব প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে চাকরি, বদলি ও পদোন্নতি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এমনকি মেজর পরিচয়ে সচিবালয়ে যাতায়াত করে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও প্রতারণার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আসাদুলের বিরুদ্ধে পাবনার সাঁথিয়া থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে গুলশান থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বুধবার রাতে গুলশান থানা পুলিশের সহায়তায় আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে পাবনায় নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাকে আদালতে পাঠানো হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad