সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের গেজেটে পেনশন, আনুতোষিক ও অবসর-উত্তর ছুটির আর্থিক সুবিধা নির্ধারণে নতুন ব্যাখ্যা ও বিধান যুক্ত করেছে সরকার। সংশোধিত নির্দেশনায় মূল বেতন নির্ধারণ, অবসর-উত্তর ছুটির সময় অনুযায়ী পেনশন ও আনুতোষিক হিসাব এবং আগে নিষ্পত্তি হওয়া দাবির পুনর্নির্ধারণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সরকারি গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ-সংক্রান্ত সংশোধিত নির্দেশনা প্রকাশ করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, গত ১ জুলাই ২০২৬ থেকে নতুন আদেশ জারির তারিখ ১১ নভেম্বর পর্যন্ত জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকলে, প্রযোজ্য ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের পর অতিরিক্ত অর্থ পাওনা হলে সংশ্লিষ্ট কর্মচারীকে তা পরিশোধ করতে হবে।
অবসর-উত্তর ছুটিতে দুই ধরনের হিসাব
সংশোধিত গেজেটে অবসর-উত্তর ছুটি (পিআরএল) শুরুর তারিখ অনুযায়ী কর্মচারীদের জন্য দুটি পৃথক বিধান রাখা হয়েছে।
যেসব সরকারি কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ থেকে শুরু হয়েছে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ দেওয়া হবে। তবে ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিক সংশোধিত বিধান অনুসারে নির্ধারণ করা হবে।
অন্যদিকে, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ২ জুলাই ২০২৬ বা পরবর্তী সময়ে শুরু হয়েছে কিংবা হবে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতাদি জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী হিসাব করা হবে। ছুটি শেষে পেনশন ও আনুতোষিকও নতুন বিধানের আলোকে নির্ধারণ করা হবে।
পেনশন ও আনুতোষিকের মূল হার অপরিবর্তিত
সংশোধিত গেজেটে নিট পেনশন বৃদ্ধির হার, সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশনের সীমা এবং আনুতোষিকের হার আগের মতোই রাখা হয়েছে। তবে মূল বেতন নির্ধারণ ও আর্থিক সুবিধা হিসাবের পদ্ধতিতে স্পষ্টতা আনা হয়েছে।
এ ছাড়া পারিবারিক পেনশন এবং উৎসব ভাতা বণ্টনের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করা হয়েছে। ফলে অবসরপ্রাপ্ত কর্মচারী ও তাঁদের পরিবারের প্রাপ্য আর্থিক সুবিধা নির্ধারণে সংশোধিত নির্দেশনা অনুসরণ করতে হবে।
সরকারের এ সংশোধনের মূল উদ্দেশ্য হলো নতুন বেতন স্কেল কার্যকরের পর অবসর-উত্তর ছুটিতে থাকা এবং অবসরে যেতে যাওয়া সরকারি কর্মচারীদের পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা নির্ধারণে বিদ্যমান অস্পষ্টতা দূর করা।

প্রথম দর্পণ,ডেস্ক