মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
আবু হানিফ বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কোনো তথ্যসূত্র ছাড়াই খবর প্রকাশিত হয়েছে, সীমান্ত দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন। এ জন্য আওয়ামী লীগের কয়েকজন নেতা সীমান্তবর্তী এলাকায় যাতায়াত করছেন বলেও সংবাদ প্রকাশিত হয়। তবে এসব প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এমনকি সীমান্তে যাতায়াত করা নেতাদের ছবিও গণমাধ্যমে প্রকাশিত হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফিরতে চান। তবে রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার কথিত মুখপাত্র। এসব সংবাদের কোনো ভিত্তি আছে বলে তিনি মনে করেন না।
আবু হানিফের ভাষ্য, “একজন পলাতক খুনি আড়াই বছরের বেশি সময় ধরে নিজের চেহারাটা গণমাধ্যমে দেখাতে পারেননি, তিনি আবার দেশে ফিরবেন? মানুষের মনে বড় প্রশ্ন, আদৌ কি তিনি বেঁচে আছেন?”
তিনি আরও বলেন, শেখ হাসিনা জীবিত থাকলেও দেশে ফিরবেন না বলে তাঁর ধারণা। দেশে ফেরার সাহস থাকলে তিনি কখনো পালাতেন না। ২০২৪ সালের ৫ আগস্ট সেনাবাহিনী তাঁকে জনগণের হাত থেকে রক্ষা করলেও আবারও জনগণ সুযোগ পেলে তাঁকে কেউ রক্ষা করতে পারবে না বলেও মন্তব্য করেন গণঅধিকার পরিষদের এই নেতা।
১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনারএর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য তিনি নতুন পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন।
রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি বিমান পরিবহণের ব্যবস্থা চান।
প্রতিবেদনে বলা হয়, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। তাঁর মুখপাত্রের দাবি, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই বিজয় দিবসে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক