বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে দেশটির দুটি ইহুদি ও হিন্দু সংগঠন। হামাসের নিহত নেতাদের প্রশংসা করার অভিযোগ তুলে তাঁর অস্ট্রেলিয়া সফরের অনুমতি দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছে সংগঠন দুটি। একই সঙ্গে অস্ট্রেলীয় সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে বৈঠক করেছেন কি না, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানায় অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ)। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে সংগঠন দুটি অভিযোগ করে, হামাসের নিহত নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর ডা. শফিকুর রহমান তাঁকে প্রকাশ্যে ‘বীর ও শহীদ’ হিসেবে প্রশংসা করেছিলেন। এ ছাড়া হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ের মৃত্যুতেও শোক প্রকাশ করে তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করেছিলেন জামায়াত আমির।
জামায়াতে ইসলামীর অতীত কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন দুটি। তাদের দাবি, বাংলাদেশে দলটির অতীত ইতিহাস উদ্বেগজনক। দলটির সাবেক কয়েকজন নেতা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) গত ২১ নভেম্বর সিডনিতে এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ডা. শফিকুর রহমানকে আতিথ্য দেয়। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে জামায়াত আমিরকে কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে সংগঠন দুটি। পাশাপাশি দেশটির সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে বৈঠক করেছেন কি না, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে তারা।
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বলেন, ইসরাইলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একইভাবে ইসরাইলের রিলিজিয়াস জায়নিজম দলের আইনপ্রণেতা সিমচা রথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল।
তিনি প্রশ্ন তুলে বলেন, ইসরাইলি রাজনীতিকদের প্রবেশে বাধা দেওয়া হলেও হামাসের নেতাদের প্রকাশ্যে প্রশংসা করেছেন—এমন একজন রাজনৈতিক নেতাকে কীভাবে অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হলো?
অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিং বলেন, কট্টরপন্থী ইসলামপন্থীদের সহিংসতাকে যারা সমর্থন করে কিংবা নীরব দর্শক হয়ে থাকে, তাদের স্বাগত জানানো অস্ট্রেলীয় সমাজে বিভেদ তৈরি করতে পারে এবং সামাজিক সংহতি দুর্বল করতে পারে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক