বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা জানান, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। কিন্তু এখনো সংকটের স্থায়ী সমাধান হয়নি।
তাদের অভিযোগ, প্রশাসনিক অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রমে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় সংকটের সমাধান না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আলোচনা সভা শেষে রাত ২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দীর্ঘদিনেও সংকটের সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘ অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র তৈরির কাগজসহ বিভিন্ন জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে। এ ছাড়া গত পাঁচ মাস ধরে গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কর্মসূচিতে চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, ‘আপনারা আমাদের ক্লাসে ফিরতে সাহায্য করুন। আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের সেই সুযোগটা করে দিন।’
প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরা দ্রুত একজন উপাচার্য নিয়োগের মাধ্যমে প্রশাসনিক সংকটের সমাধান চান। এ সমস্যার সমাধান হলে তারা আন্দোলন প্রত্যাহার করে ক্লাস ও পরীক্ষায় ফিরে যাবেন।
এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, সেশনজট এড়িয়ে চুয়েটের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই তাদের মূল লক্ষ্য। চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আইইবি চট্টগ্রাম কেন্দ্রের না থাকলেও সরকারের নীতিনির্ধারকদের কাছে শিক্ষার্থীদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এ বিষয়ে আইইবির কেন্দ্রীয় নেতাদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সরকারের সচিব পর্যায়সহ উচ্চপর্যায়ে দায়িত্ব পালনরত চুয়েটের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো হয়েছে। সরকার দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশা করছেন।
অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে গিয়ে শেষ হয়।
যেভাবে শুরু সংকট
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু করেন চুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক সায়েমকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তকে কেন্দ্র করেই এ সংকটের সূত্রপাত।
নিয়োগের প্রায় তিন সপ্তাহ পর গত ১২ অক্টোবর ক্যাম্পাসে প্রবেশ করলে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। প্রায় ৩০ ঘণ্টা পর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সহায়তায় তিনি মুক্ত হন। এরপর থেকে তিনি আর ক্যাম্পাসে ফেরেননি।
ফলে উপাচার্যবিহীন অবস্থায় কার্যত প্রশাসনিক অচলাবস্থার মুখে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। দীর্ঘদিনের এ সংকটের কারণে শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক