শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে তারেক বিন ফয়েজের অবস্থানের খবর পেয়ে সেখানে যান ওসি মাহবুবুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) শক্তি পদ মৃধা, এসআই মোস্তাফিজুর রহমান এবং ছাত্রদলের দুই নেতা।
ঘটনাস্থলে গিয়ে ওসি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান আসাদকে মোবাইল ফোনে কল করে তারেকের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চান। জবাবে আসাদ তাকে জানান, তারেক বিন ফয়েজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন।
পরে তার পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই-বাছাইয়ের কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন ওসি। তবে পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, তারেক কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক। এ ধরনের ঘটনা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, তিনি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলেন। সেখানে উপস্থিত অনেকেই তাকে জানিয়েছিলেন, ওই ব্যক্তি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। মুন্না নামে একজন তার নাম বলেছিলেন। পরিচয় যাচাই-বাছাই করে তিনি সেখান থেকে চলে আসেন। পরে জানতে পারেন, ওই ব্যক্তি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

প্রথম দর্পণ,ডেস্ক