মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ১১ ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া অবরোধের কারণে দুপুর দেড়টা পর্যন্ত মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দূরপাল্লার যাত্রী, পরিবহনশ্রমিক ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত আড়াইটার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টেকেরহাট এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অবরোধের শুরুর দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হওয়ার পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন।
একপর্যায়ে রাজৈর থানার পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জরুরি যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানায়। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানানো হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, সকাল থেকেই পুলিশ মাঠে ছিল। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জরুরি যানবাহন ছেড়ে দেওয়া এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার অনুরোধ জানানো হয়েছে। দুপুরের পর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় মহাসড়ক অবরুদ্ধ থাকায় যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হলেও দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

প্রথম দর্পণ,ডেস্ক