খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়।
বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোররাত ৪টার দিকে ফোনে বাসে আগুন লাগার খবর পান তিনি। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। তবে কারা বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। সারা দেশে মব সৃষ্টি করে অরাজকতা ছড়ানো একটি চক্রও তাদের সহায়তা করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, কারা এর সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

প্রথম দর্পণ,ডেস্ক