লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (১১) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাপটিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে বুড়িমারীগামী একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাবিবুরের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত চারজন হলেন—লালমনিরহাট সদর উপজেলার মনিকা (১৬), মনোরঞ্জন (৯০) ও বুলু মিয়া (২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী (২৮)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক