শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার আঁধার মার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একটি দল বাসযোগে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন। পথে সাতকানিয়ার আঁধার মার দরগা এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) এবং সোহানা আফরোজ।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তথ্যমতে, হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা ৩০ থেকে ৩২ জন হতে পারে।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন।
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি দল এসআই রুহুল আমিনের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, শিক্ষা সফরের বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের কাছে কোনো অনুমতির আবেদন করেনি কিংবা মৌখিকভাবেও জানায়নি। এ বিষয়ে তিনি মাদরাসার অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন।
তথ্যসূত্র: দোহাজারী হাইওয়ে থানা পুলিশ, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য।

প্রথম দর্পণ,ডেস্ক