বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও জান টাইমস।
চিকিৎসা নিতে পুরুষ অভিভাবক বাধ্যতামূলকপ্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত নির্দেশনা বা ঘোষণা প্রকাশ না করলেও তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়ের নির্দেশের কথা জানিয়ে দেশটির বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এ সময় পুরুষ চিকিৎসকদের সতর্ক করে বলা হচ্ছে, নারী রোগীকে চিকিৎসা দিতে গিয়ে নির্দেশনা লঙ্ঘন করলে তাদের কারাদণ্ড দেওয়া হতে পারে।
নির্দেশনা অনুযায়ী, কোনো পুরুষ চিকিৎসক নারী রোগীকে একা চিকিৎসা দিতে পারবেন না। চিকিৎসার প্রয়োজনে রোগীর সঙ্গে অবশ্যই একজন পুরুষ অভিভাবক বা মাহরাম থাকতে হবে। পাশাপাশি চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে নারী নার্সের উপস্থিতি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
এমনকি কিছু এলাকায় নারী রোগীদের প্রকৃত নামে সম্বোধন না করার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসকের প্রেসক্রিপশনেও নামের পরিবর্তে শুধু ‘বিবি’ লেখার কথা বলা হচ্ছে।
দাঁতের চিকিৎসা অসম্পূর্ণ, বাড়ছে দুর্ভোগতালেবানের বিধিনিষেধের কারণে সাধারণ চিকিৎসা নিতে গিয়ে নারীদের কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, তার একটি উদাহরণ দিয়েছেন হেরাতের বাসিন্দা ফরিদা (ছদ্মনাম)।
প্রতিবেদন অনুযায়ী, তীব্র দাঁতের ব্যথা নিয়ে একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা শুরু করেছিলেন তিনি। কিন্তু চিকিৎসার মাঝপথে তাকে জানানো হয়, পুরুষ দন্তচিকিৎসকরা এখন আর নারী রোগীদের চিকিৎসা করতে পারবেন না।
ফলে গত তিন মাস ধরে তার চিকিৎসা অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ব্যথার কারণে স্বাভাবিকভাবে খাবার খেতেও পারছেন না তিনি।
নারী চিকিৎসকের সংকট আরও প্রকটআফগানিস্তানে নারীদের স্বাস্থ্যসেবা সংকটের পেছনে নারী চিকিৎসকের স্বল্পতাও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের শেষ দিক থেকে তালেবান নারীদের মেডিকেল শিক্ষায় অংশগ্রহণ এবং নতুন নারী চিকিৎসাকর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর ফলে একদিকে পুরুষ চিকিৎসকদের কাছে যাওয়ার সুযোগ সীমিত হচ্ছে, অন্যদিকে নতুন নারী চিকিৎসক তৈরির পথও বন্ধ হয়ে যাচ্ছে। বিদ্যমান নারী চিকিৎসকদের সংখ্যা ও সক্ষমতা দিয়ে দেশটির বিপুলসংখ্যক নারী রোগীর চাহিদা পূরণ করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
বিশেষ করে জরুরি চিকিৎসা, প্রসূতিসেবা, দন্তচিকিৎসা ও সাধারণ স্বাস্থ্যসেবায় এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মানবিক সংকটে আফগান নারীরাবিশ্লেষকদের মতে, চিকিৎসাসেবায় এ ধরনের বিধিনিষেধ আফগান নারীদের মৌলিক স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারকে গুরুতরভাবে বাধাগ্রস্ত করছে। নারী চিকিৎসকের সংকট এবং পুরুষ চিকিৎসকদের ওপর আরোপিত বিধিনিষেধ একসঙ্গে দেশটির স্বাস্থ্যব্যবস্থাকে আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
ফলে চিকিৎসার অভাবে নারীদের শারীরিক জটিলতা বাড়ার পাশাপাশি সময়মতো চিকিৎসা না পাওয়ায় প্রাণহানির ঝুঁকিও তৈরি হতে পারে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক