সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর, প্রযুক্তির সহায়তা মিলবে শেষ তিন ম্যাচে

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ রাত
  • ৫৯৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দক্ষিণ এশীয় ফুটবলে প্রযুক্তির নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। চলমান সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। টুর্নামেন্টের সেমিফাইনালের দুটি ম্যাচ ও ফাইনাল—শেষ তিন ম্যাচেই থাকবে এই প্রযুক্তির সহায়তা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

তবে ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি নয়, থাইল্যান্ডে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে পরিচালিত হবে ভিএআর কার্যক্রম। আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় এ প্রযুক্তি চালু করছে সাফ। পুরো কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’।

থাইল্যান্ড থেকে পরিচালিত হবে ভিএআর

সাফের এ আয়োজনে ব্যবহার করা হবে রিমোট ভিএআর পদ্ধতি। এ ব্যবস্থায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সরাসরি ভিডিও ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে পাঠানো হবে থাইল্যান্ডের নিয়ন্ত্রণকক্ষে। সেখানে প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ বিশ্লেষণ করে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নির্ধারিত প্রটোকল অনুসরণ করে মাঠের রেফারিকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

প্রযুক্তিটির কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জাতীয় স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। এ ছাড়া ভিএআর পরিচালনায় সহায়তা দিতে প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালিটির বিশেষজ্ঞরা ঢাকায় অবস্থান করছেন।

ইন্টারনেট ও দূরত্ব নিয়ে আশ্বস্ত সাফ

ঢাকা থেকে থাইল্যান্ডের দূরত্ব এবং ইন্টারনেট সংযোগের কারণে ভিএআর পরিচালনায় কোনো জটিলতা তৈরি হবে কি না, এমন প্রশ্নের জবাবে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আসিয়ান কাপের ভিএআর থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফেও সেটা অনুসরণ করা হচ্ছে। ইন্টারনেট ও অন্য বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবস্থা রয়েছে। আশা করি সুন্দরভাবেই সম্পাদন হবে।’

দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন কাট্টেল। তাঁর মতে, ভিএআর প্রযুক্তি চালুর মধ্য দিয়ে আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতার পেশাদার মান বাড়ানোর ক্ষেত্রে নতুন পদক্ষেপ নেওয়া হলো।

এ প্রযুক্তি চালু করতে সহযোগিতার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও এএফএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সাফের এই উদ্যোগের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রথমবারের মতো বড় কোনো আঞ্চলিক প্রতিযোগিতায় ভিএআর প্রযুক্তির ব্যবহার হতে যাচ্ছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad