জিমিনের প্রেমের ফাঁদে ৬১ লাখ টাকা খোয়ালেন ব্রাজিলের নারী!

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ দুপুর
  • ৮১৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিটিএস তারকার পরিচয়ে চার মাস ধরে প্রেমের সম্পর্ক, উপহারের শুল্কের কথা বলে হাতিয়ে নেওয়া হয় অর্থ

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ সংগীত দল বিটিএসের সদস্য পার্ক জিমিনের পরিচয় ব্যবহার করে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে এক ব্রাজিলীয় নারীর কাছ থেকে প্রায় ৬১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ভুয়া প্রেমের সম্পর্ক ও দামি উপহার পাঠানোর প্রলোভন দেখিয়ে ৬৮ বছর বয়সী ওই নারীর সঞ্চয় ও ব্যাংকঋণের অর্থ আত্মসাৎ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রাজিলের সংবাদমাধ্যম ইমিরান্তে এ তথ্য জানিয়েছে। দেশটির ডায়েরিও দে পেরনামবুকো পত্রিকার বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, সাও পাওলোতে বসবাসকারী ওই অবসরপ্রাপ্ত নারী প্রায় চার মাস ধরে অনলাইনে নিজেকে জিমিন পরিচয় দেওয়া এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এ সময় প্রতারক তাকে নিয়মিত ভালোবাসার বার্তা পাঠিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। পাশাপাশি দামি উপহার পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তার বিশ্বাস অর্জন করে।

একপর্যায়ে উপহার পাঠানোর কথা বলে নতুন কৌশল নেয় প্রতারক। ওই নারীকে জানানো হয়, তার জন্য পাঠানো উপহার ব্রাজিলের শুল্ক বিভাগে আটকে রয়েছে। সেগুলো ছাড়িয়ে নিতে শুল্ক পরিশোধ করতে হবে। এই অজুহাতে কয়েক দফায় অর্থ দাবি করে প্রতারক।

প্রেমের সম্পর্কের ওপর বিশ্বাস রেখে উপহার পাওয়ার আশায় ওই নারী নিজের সঞ্চয়ের অর্থ খরচ করেন। এমনকি ব্যাংক থেকেও ঋণ নেন তিনি। সব মিলিয়ে তার কাছ থেকে প্রায় ৩ লাখ ব্রাজিলীয় রিয়াল হাতিয়ে নেওয়া হয়, যা মার্কিন মুদ্রায় আনুমানিক ৫২ থেকে ৫৬ হাজার ডলার।

পুলিশের তদন্ত শুরু

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে একপর্যায়ে কথিত জিমিনের অ্যাকাউন্টটি ব্লক করে পুলিশের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার তদন্ত শুরু করেছে সাও পাওলোর সিভিল পুলিশ। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তবে কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। একই সঙ্গে প্রতারণায় ব্যবহৃত অ্যাকাউন্টটির সঙ্গে প্রকৃত জিমিন কিংবা তার ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

কে-পপ ভক্তদের লক্ষ্য করে প্রতারণা

ব্রাজিলে কে-পপের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভক্তদের প্রতারণার ঘটনা নতুন নয়। ভুয়া কোরীয় ভ্রমণ প্যাকেজ, নকল কে-পপ পণ্য বিক্রি এবং জনপ্রিয় তারকাদের পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে অর্থ হাতিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে।

এ ধরনের অপরাধ প্রতিরোধে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সহযোগিতা কাঠামোয় সম্মত হয় দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলের পুলিশ।

এর আগে ব্রাজিলে কোরীয় অভিনেতা পার্ক বো-গামের পরিচয় ব্যবহার করে এক ভক্তকে প্রতারণার চেষ্টা করা হয়েছিল। এ ছাড়া ব্রাসিলিয়ার কাছাকাছি এলাকায় ৬৯ বছর বয়সী এক নারী ইলন মাস্কের পরিচয় দেওয়া এক প্রতারকের খপ্পরে পড়ে অর্থ হারান।

এদিকে, সম্প্রতি ২৮, ৩০ ও ৩১ অক্টোবর সাও পাওলোতে তিনটি কনসার্টে অংশ নেয় বিটিএস। তবে ওই কনসার্টের সঙ্গে এই প্রতারণার ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad