বিশ্বে মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ, শীর্ষ ১০-এ এইচআইভি নেই

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ বিকাল
  • ১০০০১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
২০২৩ সালে ৯৫ লাখ মানুষের মৃত্যু ইস্কেমিক হার্ট ডিজিজে, এইচআইভির অবস্থান ২২তম

বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর প্রধান কারণ হিসেবে শীর্ষে রয়েছে ইস্কেমিক হার্ট ডিজিজ বা হৃদ্‌রোগ। অন্যদিকে, একসময় মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত এইচআইভি/এইডস নেমে এসেছে ২২তম অবস্থানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে প্রায় ৬ কোটি ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ কোটি ৩০ লাখ মানুষের মৃত্যুর পেছনে দায়ী ছিল প্রধান ১০টি রোগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে আটটিই ছিল অসংক্রামক রোগ। এসব রোগে মোট মৃত্যুর প্রায় ৪৭ শতাংশ ঘটেছে।

মৃত্যুর শীর্ষে হৃদ্‌রোগ

বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ ইস্কেমিক হার্ট ডিজিজ। ২০২৩ সালে এ রোগে প্রায় ৯৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর প্রায় ১৬ শতাংশ। ২০০০ সালের পর থেকে এ রোগে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ স্ট্রোক। ২০২৩ সালে এ রোগে প্রায় ৬৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)। এ রোগে মারা গেছেন প্রায় ৩৬ লাখ মানুষ।

সংক্রামক রোগগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ। ২০২৩ সালে এ রোগে প্রায় ২৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। মহামারির পর এ রোগে মৃত্যুর হার আবার প্রাক-মহামারি সময়ের পর্যায়ে ফিরে এসেছে।

আলঝেইমার, ডায়াবেটিস ও ক্যানসারও বড় ঝুঁকি

মৃত্যুর পঞ্চম প্রধান কারণ আলঝেইমার ও অন্যান্য ডিমেনশিয়াজনিত রোগ। ২০২৩ সালে এসব রোগে প্রায় ২১ লাখ মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬৬ শতাংশই নারী।

ষষ্ঠ অবস্থানে রয়েছে ডায়াবেটিস। এ রোগে প্রায় ২০ লাখ মানুষের মৃত্যু হয়েছে, যা ২০০০ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।

অন্যদিকে, ফুসফুসের ক্যানসারে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। ২০০০ সালে এ রোগে প্রায় ১১ লাখ মানুষের মৃত্যু হলেও ২০২৩ সালে তা বেড়ে ১৮ লাখে দাঁড়িয়েছে। ফলে মৃত্যুর প্রধান কারণগুলোর তালিকায় রোগটির অবস্থান সপ্তম।

২২তম অবস্থানে এইচআইভি, নবম স্থানে কিডনি রোগ

একসময় বিশ্বের মৃত্যুর শীর্ষ ১০ কারণের তালিকায় থাকা এইচআইভি/এইডস বর্তমানে ২২তম অবস্থানে নেমে এসেছে। ২০০০ সালের তুলনায় এ রোগে মৃত্যুর সংখ্যা ৬২ শতাংশ কমেছে।

অন্যদিকে, কিডনি রোগে মৃত্যুর প্রবণতা বেড়েছে। ২০০০ সালে মৃত্যুর কারণ হিসেবে ১৭তম অবস্থানে থাকা রোগটি ২০২৩ সালে নবম স্থানে উঠে এসেছে।

এ ছাড়া ২০২০ সালে করোনাভাইরাস মহামারি শুরুর পর প্রথমবারের মতো কোভিড-১৯ বিশ্বব্যাপী মৃত্যুর শীর্ষ ১০ কারণের তালিকা থেকে বাদ পড়েছে।

আয়ের ভিত্তিতে মৃত্যুর কারণেও পার্থক্য

বিশ্বব্যাংকের আয়ভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী, বিভিন্ন দেশের মৃত্যুর প্রধান কারণেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য।

স্বল্প আয়ের দেশগুলোতে অসংক্রামক রোগের তুলনায় সংক্রামক রোগে মৃত্যুর হার বেশি। এসব দেশে শীর্ষ ১০টি মৃত্যুর কারণের মধ্যে সাতটিই সংক্রামক রোগ। ম্যালেরিয়া, যক্ষ্মা, এইচআইভি ও ডায়রিয়াজনিত রোগ এখনো বড় স্বাস্থ্যঝুঁকি। নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ এসব দেশে মৃত্যুর প্রধান কারণ।

নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে হৃদ্‌রোগ, স্ট্রোক ও সিওপিডি মৃত্যুর প্রধান তিনটি কারণ। এ ছাড়া ২০০০ সালের পর থেকে ডায়াবেটিসে মৃত্যুর সংখ্যা তিন গুণেরও বেশি বেড়েছে।

উচ্চ-মধ্যম আয়ের দেশগুলোতে মৃত্যুর শীর্ষ ১০টি কারণের আটটিই অসংক্রামক রোগ। ফুসফুসের ক্যানসার ও আলঝেইমারের প্রকোপও বেড়েছে। এসব দেশের তালিকায় কোভিড-১৯ এখনো দশম অবস্থানে রয়েছে।

উচ্চ আয়ের দেশগুলোতে জনসংখ্যার বার্ধক্যজনিত কারণে দীর্ঘস্থায়ী রোগের প্রভাব বেশি। তবে ইস্কেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক ও পাকস্থলীর ক্যানসারে মৃত্যুর হার কমেছে। এ শ্রেণির দেশগুলোতে আলঝেইমার ও ডিমেনশিয়া মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হয়ে উঠেছে।

সঠিক মৃত্যুর পরিসংখ্যান কেন জরুরি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানুষ কী কারণে মারা যাচ্ছে, তার নির্ভুল ও সময়োপযোগী তথ্য সংগ্রহ জনস্বাস্থ্য পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব তথ্যের মাধ্যমে রোগের ঝুঁকি শনাক্ত, প্রতিরোধযোগ্য মৃত্যু কমানো এবং স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় অর্থ ও সম্পদ বরাদ্দ করা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মৃত্যুর কারণসংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা গেলে স্বাস্থ্যনীতির কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাও শক্তিশালী করা সম্ভব।

তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও); ১৪ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad