ইরানের স্থানীয় উচ্চারণ, আঞ্চলিক টান ও টেলিফোনে কথোপকথনের সময় তৈরি হওয়া নানা ধরনের শব্দদূষণ বিবেচনায় নিয়ে প্রযুক্তিটি তৈরি করা হয়েছে। উদ্ভাবকদের দাবি, ফার্সি ভাষা শনাক্তকরণে এটি গুগলসহ আন্তর্জাতিক শীর্ষস্থানীয় সেবাগুলোর তুলনায়ও ভালো ফল দেখিয়েছে।
বাস্তব কথোপকথনের তথ্য দিয়ে প্রশিক্ষণ
হাদি ভাইসি জানান, ইরানের বিভিন্ন কল সেন্টার থেকে সংগ্রহ করা কয়েক হাজার ঘণ্টার বাস্তব টেলিফোন কথোপকথনের তথ্য ব্যবহার করে এআই মডেলটি তৈরি করা হয়েছে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক টান, উচ্চারণের বৈচিত্র্য এবং স্থানীয় ভাষার বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।
ফলে সাধারণ মানুষের দৈনন্দিন টেলিফোন আলাপও প্রযুক্তিটি শনাক্ত করতে সক্ষম বলে জানিয়েছেন এর উদ্ভাবক। বিশেষ করে কোলাহলপূর্ণ পরিবেশে ফার্সি ভাষার কথোপকথন বুঝে তা স্বয়ংক্রিয়ভাবে লিখিত রূপ দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
বিদেশি প্রযুক্তিনির্ভরতা কমানোর উদ্যোগ
প্রতিবেদন অনুযায়ী, ইরানের কয়েকটি সংস্থায় ইতোমধ্যে স্মার্টফোনভিত্তিক সহকারী এবং স্বয়ংক্রিয় গ্রাহকসেবা ব্যবস্থায় এ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিজস্ব এআই প্রযুক্তির ব্যবহার বাড়লে বিদেশি সেবার ওপর নির্ভরতা কমবে এবং দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি অবকাঠামো আরও শক্তিশালী হবে। ফার্সি ভাষা ও এর আঞ্চলিক উপভাষার উপযোগী এ প্রযুক্তি ভবিষ্যতে দেশটির ডিজিটাল সেবার পরিসর বাড়াতেও ভূমিকা রাখতে পারে।
তথ্যসূত্র: মেহের নিউজ, ১৫ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক