একটি সেতুর অভাবে ৫৫ বছর ধরে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা তিন গ্রামের মানুষকে যোগাযোগ বিচ্ছিন্নতার দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুষ্ক মৌসুমে স্থানীয়দের উদ্যোগে তৈরি বাঁশ-কাঠের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার সম্ভব হলেও বর্ষায় পাহাড়ি ঢলে সেটি ভেঙে যায়। তখন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামগুলো।
এতে খাড়ামোড়া, কোচপাড়া ও পোড়াবাড়ী গ্রামসহ নদীর দুই পাড়ের সাতটি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ দুর্ভোগে পড়েন। বিশেষ করে রোগী ও শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য বাজারে নেওয়া কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তবে এখনো স্থায়ী সমাধান মেলেনি।
বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে এলাকাবাসীস্থানীয়দের ভাষ্য, ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি নদী সোমেশ্বরী ও ঢেউফা শ্রীবরদী উপজেলার গ্রামগুলোকে জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। শুষ্ক মৌসুমে বাঁশ-কাঠের সাঁকো দিয়ে নদী পার হওয়া গেলেও বর্ষায় পাহাড়ি ঢলের তোড়ে সেটি ভেঙে যায়। তখন ছোট ডিঙি নৌকা কিংবা সাঁতরে নদী পার হতে হয়।
শ্রীবরদী উপজেলার খ্রিষ্টানপাড়া এলাকার ইলিয়াস সাংমা জানান, বিভিন্ন প্রয়োজনে তাঁদের প্রায়ই নদীর ওপারে যেতে হয়। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পার হওয়া গেলেও বর্ষায় সেটি ভেঙে যায়। তখন নৌকায় নদী পার হতে হয়। অনেক সময় নৌকা না পেয়ে সাঁতরে পার হওয়ার ঝুঁকিও নিতে হয়।
বালিজুড়ী বাজারের মুদি দোকানদার সাদ্দাম হোসেন বলেন, বর্ষাকালে নদীর ওপারের মানুষ এপারে আসতে পারেন না। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারে না। মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে।
কৃষিপণ্য বাজারজাতেও বাধাখাড়ামোড়া গ্রামের এক ব্যবসায়ী জানান, তাঁদের ব্যবসা-বাণিজ্য মূলত বাজারকেন্দ্রিক। নদীতে পানি বেড়ে গেলে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়। ওই এলাকায় প্রচুর কৃষিজমি রয়েছে। কিন্তু বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উৎপাদিত সবজি ও অন্যান্য ফসল সময়মতো বাজারে নেওয়া যায় না। এতে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থা অনুন্নত থাকায় এলাকায় গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনাও গড়ে ওঠেনি। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা সীমিত। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পাশের গ্রামের স্কুল-কলেজের ওপর নির্ভর করতে হয়।
এ তিন গ্রামে মুসলমানদের পাশাপাশি গারো সম্প্রদায়ের খ্রিষ্টান এবং উট সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীরাও বসবাস করেন। তাঁদের সবার জন্যই সেতুটি জরুরি বলে জানিয়েছেন স্থানীয়রা।
সেতু নির্মাণে উদ্যোগের আশ্বাসএ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহাম্মেদ বলেন, সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্মাণে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কারিগরি কারণে তা সম্ভব হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল যুগান্তরকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই ওই নদীর ওপর সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হবে। নির্বাচনের পরপরই স্থানীয় মানুষের জন্য আপাতত একটি বিকল্প কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন বলেও জানান তিনি।
স্থানীয়দের দাবি, সোমেশ্বরী ও ঢেউফা নদীর কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের স্থায়ী যোগাযোগ প্রতিষ্ঠায় দ্রুত সেতু নির্মাণ করতে হবে। তাঁদের মতে, সেতু নির্মিত হলে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

প্রথম দর্পণ,ডেস্ক