জানাজার মঞ্চে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ বিকাল
  • ৮৮৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মাদক বিস্তার ও পাহাড় ধ্বংসসহ নানা অভিযোগ তুলে সিদ্ধান্ত, লিখিত পদত্যাগপত্র পাননি উপজেলা আহ্বায়ক

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক বিস্তার, পাহাড় ধ্বংস, রাজনৈতিক প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগ তুলে বিএনপি এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মো. রবিউল ইসলাম রোমান। তিনি ঝিনাইগাতী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মামা আনিসুর রহমান কালুর জানাজার নামাজের আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। পরে তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

অনিয়ম ও মাদক বিস্তারের অভিযোগ

জানাজায় দেওয়া বক্তব্যে রবিউল ইসলাম রোমান বলেন, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে বিএনপি এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। পারিবারিক পরিবেশের কারণে ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর সমাজে অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধপ্রবণতা কমবে বলে আশা করেছিলেন। কিন্তু ঝিনাইগাতীতে মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড এখনো অব্যাহত রয়েছে।

মামার রাজনৈতিক ত্যাগের স্মৃতিচারণ

বক্তব্যে মামা আনিসুর রহমান কালুর রাজনৈতিক অবদানের কথাও তুলে ধরেন রোমান। তিনি বলেন, দলের কঠিন সময়ে মামা সংসারের খরচের টাকা থেকেও দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছেন, এমনকি কারাবরণ করেছেন। অথচ জীবনের শেষ সময়ে তাঁর খোঁজখবর নেওয়ার মতো মানুষের অভাব ছিল।

রোমান আরও বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি বা কাউকে ছোট করা তাঁর উদ্দেশ্য নয়। নিজের বিবেক, আত্মসম্মান ও ন্যায়ের পক্ষে অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কাছে রাজনীতির চেয়ে মানুষ, পদ-পদবির চেয়ে মানবিকতা এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য বেশি।

লিখিত পদত্যাগপত্র পাননি উপজেলা আহ্বায়ক

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন জানান, এখন পর্যন্ত রবিউল ইসলাম রোমানের কোনো লিখিত পদত্যাগপত্র তিনি পাননি।

তিনি বলেন, সংগঠন কাউকে জোর করে রাজনীতি করতে বাধ্য করে না। দু-একজন নেতা চলে গেলে দলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad