এমপিও শিক্ষকদের নবম পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই,

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ বিকাল
  • ৭২১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে পৃথক প্রজ্ঞাপন বা আদেশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। চলতি সপ্তাহের মধ্যেই এ-সংক্রান্ত গেজেট প্রকাশের চেষ্টা করছে অর্থ বিভাগ। নতুন পে-স্কেল বাস্তবায়নে শুধু স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা প্রয়োজন হবে।

সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দের বিষয়ে সম্মতি মিললেও নতুন বেতন কাঠামো কার্যকর করতে পৃথক প্রজ্ঞাপন বা আদেশ জারি করা প্রয়োজন।

দ্রুত গেজেট জারির উদ্যোগ

সূত্র জানায়, বিষয়টির গুরুত্ব বিবেচনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক এক দিনের মধ্যে আদেশ জারির অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে আরেকটি চিঠি পাঠিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার বিষয়টি গেজেট আকারে প্রকাশের প্রক্রিয়া চলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পৃথক গেজেট দ্রুত জারির জন্য অর্থ বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশের চেষ্টা চলছে। এ সপ্তাহে শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কারিগরি শিক্ষকদের অর্থের হিসাব চলছে

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে প্রয়োজনীয় অর্থের হিসাব তৈরির কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যে এ হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অধিদপ্তর সূত্র জানায়, নতুন পে-স্কেল বাস্তবায়নে কত অর্থ প্রয়োজন হবে, তা নির্ধারণের কাজ প্রায় শেষ। আগামী বুধবারের মধ্যে হিসাব চূড়ান্ত করে বৃহস্পতিবারের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

মাদ্রাসা শিক্ষকদের জন্য প্রয়োজন ২ হাজার কোটি টাকা

এদিকে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন দিতে প্রায় ২ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এ অর্থের চাহিদা জানিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চিঠি পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বিভাগীয় সূত্র জানায়, মাদ্রাসা অধিদপ্তর অতিরিক্ত ২ হাজার কোটি টাকা প্রয়োজনের কথা জানিয়েছে। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এখনো অর্থের চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি। দুই অধিদপ্তরের চাহিদা একত্র করে অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়নি। মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের প্রয়োজনীয় অর্থের হিসাব একত্র করে এ বিষয়ে চিঠি পাঠানো হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad