জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ ভিসি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ বিকাল
  • ৮০৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন, চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা (সিনিয়রিটি), পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেছেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। অবরুদ্ধ হয়ে পড়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তারা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন।

আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে লকডাউন ঘোষণা করেন।

সোমবার সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য তার দপ্তরে অবরুদ্ধ ছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক চলছিল। তবে বৈঠকের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি

আন্দোলনকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহালের নির্দেশনা বাস্তবায়িত হলেও তারা এখনো প্রাপ্য জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

তাদের দাবি, ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিতদের পুনর্বহাল এবং চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু চাকরিতে ফিরে আসার পরও রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।

একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না উল্লেখ করে তারা বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।

প্রকল্প ব্যয় নিয়েও ক্ষোভ

আন্দোলনকারীদের সমাবেশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন প্রকল্পে বিপুল অর্থ ব্যয়ের সমালোচনা করা হয়। বক্তারা অভিযোগ করেন, ২০টি প্রকল্পে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে, যার অধিকাংশই প্রয়োজনীয় নয়। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তাদের বক্তব্য, বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও দীর্ঘদিন ধরে বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই।

অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা। সমাবেশ সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর পুনর্বহাল

জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের নির্দেশ দেন।

তবে ওই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে রোববার থেকে আন্দোলনে নেমেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার অবস্থান জানিয়েছেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad