শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যানবাহন ছাড়া অন্য সব ধরনের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যানবাহন, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের ডেলিভারির যানবাহন এবং সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
এ ছাড়া ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ধারাবাহিক ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদারবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত ১০ নভেম্বর বেলা ২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়।
এর আগের দুই দিনেও বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে প্রবেশ ও চলাচলে নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি তল্লাশির ক্ষমতা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রথম দর্পণ,ডেস্ক