বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদীয় কমিটির একটি সূত্র জানায়, গত ৮ নভেম্বর অনুষ্ঠিত কমিটির বৈঠকে ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়। তবে বৈঠকের কার্যবিবরণী এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহের মধ্যে এটি চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুপারিশটি মন্ত্রণালয়ে পাঠানোর পর বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব এবং এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। এসব আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, সংসদীয় কমিটির সুপারিশ শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা স্থায়ী কমিটির পরবর্তী সভায় জানতে চাওয়া হবে।
দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীরা এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন। তাদের দাবি, দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক। এ জন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপও কামনা করেছেন।
তবে সংসদীয় কমিটির সুপারিশ এখনো চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত নয়। সুপারিশ বাস্তবায়নের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং পরবর্তী সরকারি পদক্ষেপের ওপরই নির্ভর করছে নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়টি।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক