দুই শতকের ঐতিহ্য, আধুনিকতায় পিছিয়ে রাজশাহী কলেজিয়েট স্কুল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ দুপুর
  • ১২১৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
১৮২৮ সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজিয়েট স্কুল ২০২৮ সালে ২০০ বছর পূর্ণ করতে যাচ্ছে। দীর্ঘ প্রায় দুই শতকের ইতিহাসে প্রতিষ্ঠানটি উপহার দিয়েছে ইতিহাসবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক, চলচ্চিত্রকার, সামরিক কর্মকর্তা, রাজনীতিক ও সংস্কৃতি অঙ্গনের বহু কৃতী ব্যক্তিত্ব। অথচ গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক এই শিক্ষাপ্রতিষ্ঠানটির বর্তমান অবকাঠামো ও সুযোগ-সুবিধায় আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে। প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য নেই মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ কিংবা ডিজিটাল বোর্ড। পুরোনো ভবনের পলেস্তারা খসে পড়ছে, ভাঙা জানালা, অপরিচ্ছন্ন শৌচাগার, জনবল সংকট এবং জলাবদ্ধ খেলার মাঠসহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, একটি ঐতিহ্যবাহী সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যে ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকার কথা, তার অনেক কিছুই এখানে অনুপস্থিত। ফলে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রতিষ্ঠানটি দুই শতকের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে পিছিয়ে রয়েছে।

দুই শতকের ইতিহাস ও ঐতিহ্য

১৮২৮ সালে ইংরেজি শিক্ষার প্রসারের লক্ষ্যে ‘বউলিয়া ইংলিশ স্কুল’ নামে রাজশাহীতে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৮৩৬ সালে সরকারি স্বীকৃতি লাভ করে। ওই সময় ৭৮ জন হিন্দু, দুজন মুসলমান ও তিনজন খ্রিষ্টান শিক্ষার্থীসহ মোট ৮৩ জন শিক্ষার্থী নিয়ে এর আনুষ্ঠানিক সরকারি কার্যক্রম শুরু হয়। ১৮৭৩ সালে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় রাজশাহী কলেজিয়েট স্কুল।

ব্রিটিশ ভারত, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশ—তিন রাষ্ট্রীয় পর্বের সাক্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা বিস্তারের পাশাপাশি রাজশাহীর সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটি।

১৯৩৬ সালে শতবর্ষ এবং ১৯৮৬ সালে ১৫০ বছর পূর্তি উদযাপন করে বিদ্যালয়টি। বর্তমানে প্রায় ০.৯৭ একর জমির ওপর কয়েকটি ভবনে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। ২০০৮ সালে একাদশ শ্রেণি চালু হয় এবং ২০১০ সালে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ছিলেন দেশবরেণ্য বহু ব্যক্তিত্ব

রাজশাহী কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষার্থীদের তালিকায় রয়েছেন দেশ-বিদেশে পরিচিত বহু গুণী মানুষ। তাঁদের মধ্যে ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার ও অক্ষয় কুমার মৈত্রেয়, প্রত্নতত্ত্ববিদ রমাপ্রসাদ চন্দ, পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া, চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন, সংগীতশিল্পী জেমস, কথাসাহিত্যিক প্রমথনাথ বিশী, স্থপতি মাজহারুল ইসলাম ও ভাস্কর মৃণাল হক উল্লেখযোগ্য।

এ ছাড়া বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান ও মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি বীর উত্তম এ কে খন্দকার, সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা এ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

রবীন্দ্রনাথ-নজরুলের স্মৃতিও জড়িয়ে

রাজশাহী কলেজিয়েট স্কুলের ইতিহাসের সঙ্গে বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মৃতিও জড়িয়ে রয়েছে।

১৮৯২ সালে রাজশাহী সফরে এসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাক্তন শিক্ষার্থী অক্ষয় কুমার মৈত্রেয় ও শরৎকুমার রায়ের সঙ্গে সাহিত্যসভায় অংশ নেন। রাজশাহী অ্যাসোসিয়েশনের সভায় ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধ পাঠ করে মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি।

১৯২৬ সালে কাজী নজরুল ইসলাম রাজশাহী সফরে এলে কলেজিয়েট স্কুলের ফুলার হোস্টেলের শিক্ষার্থীরা তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে কবি বক্তব্য দেন এবং ‘চল চল চল’ গানটি পরিবেশন করেন।

১৯৩৮ সালে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক। শিক্ষার্থীদের অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি দুজনকে সোনার মেডেল উপহার দেন।

আন্দোলন-সংগ্রামেও ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রাম—বিভিন্ন ঐতিহাসিক পর্বে রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের নজির রয়েছে।

১৯২৫ সালে মহাত্মা গান্ধীর স্বরাজ আন্দোলনের আহ্বানে শিক্ষার্থীরা পিকেটিং করে। বিলাতি কাপড় বর্জন ও তা পুড়িয়ে ফেলার কর্মসূচিতেও অংশ নেয় তারা। ১৯২৮ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজশাহী সফরের পর আজাদ হিন্দ ফৌজের আন্দোলনেও বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যুক্ত হন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় রাজশাহীতে নির্মিত স্মৃতিস্তম্ভের সঙ্গে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের সম্পৃক্ততার কথা প্রতিষ্ঠানটির ইতিহাসে উল্লেখ রয়েছে। শিক্ষার্থী আব্দুর রাজ্জাক, নাজমুল হক ও মহিউদ্দিন আহমেদ এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন।

জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান

দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের বিপরীতে বিদ্যালয়টির বর্তমান অবকাঠামোগত চিত্র বেশ হতাশাজনক। পুরোনো ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে। কোথাও জানালার কাচ ভাঙা। এসব ভবনেই প্রতিদিন শিক্ষার্থীদের পাঠদান চলছে।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক আবু তোরাব আলী আজাদ বলেন, শুধু ভবন সংস্কার করলেই হবে না, ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। ব্রিটিশ আমলের একটি ভবন একসময় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন ছিল। লম্বা গোলাকার স্তম্ভ, উঁচু ছাদ ও প্রশস্ত গ্যালারি ছিল এর বৈশিষ্ট্য। কিন্তু ১৯৮৬ থেকে ১৯৯০ সালের মধ্যে ভবনটি ভেঙে ফেলা হয়। অথচ ওই ভবনের একটি শ্রেণিকক্ষ থেকেই রাজশাহী কলেজের শিক্ষা কার্যক্রমের সূচনা হয়েছিল।

প্রযুক্তি ও জনবল সংকটে শিক্ষা কার্যক্রম

প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থীর বিদ্যালয়টিতে এখনো নেই কোনো মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ বা ডিজিটাল বোর্ড। প্রচলিত পদ্ধতিতেই পাঠদান চলছে। কম্পিউটার ল্যাব থাকলেও আধুনিক যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। আগে ১৭টি কম্পিউটার থাকলেও বর্তমানে ১৪টি সচল রয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। ল্যাবের ব্যবহার নিয়েও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে।

এদিকে বিদ্যালয়ে স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী না থাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, শৌচাগারে নিয়মিত দুর্গন্ধ থাকে এবং কয়েকটি পানির ট্যাপ নষ্ট। বিদ্যালয়ের শিক্ষক শহিদুল্লাহ বলেন, সরকারি প্রতিষ্ঠান হলেও এখানে কোনো সরকারি পরিচ্ছন্নতাকর্মী নেই। বিভিন্ন বেসরকারি তহবিলের সহায়তায় পরিচ্ছন্নতার কাজ চালাতে হয়, যা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়।

বিদ্যালয়ে লাইব্রেরি থাকলেও নেই লাইব্রেরিয়ান। ফলে বিপুলসংখ্যক বই থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে লাইব্রেরিটি প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। অফিস সহকারী ও অফিস সহায়কসহ কয়েকটি পদও শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে শিক্ষকদেরই দাপ্তরিক কাজ সামলাতে হচ্ছে।

বর্ষায় ডুবে যায় খেলার মাঠ

বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ থাকলেও বর্ষা মৌসুমে পানি জমে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। কাদা ও আবর্জনায় মাঠের পরিবেশও নষ্ট হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

শিক্ষক আবু তোরাব আলী আজাদ বলেন, মাঠটি কিছুটা উঁচু করে ঢালু করা এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা গেলে খেলাধুলার পরিবেশের উন্নতি সম্ভব।

সংস্কারে ৩০ লাখ টাকা বরাদ্দ

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলাম জানান, সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি ভবন সংস্কারের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। অবকাঠামো, প্রযুক্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।

প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী কলেজিয়েট স্কুল অসংখ্য কৃতী শিক্ষার্থী তৈরি করেছে। প্রতিবছর বুয়েট, রুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছেন এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তবে দুই শতকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটির ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি অবকাঠামো, প্রযুক্তি, পরিচ্ছন্নতা ও শিক্ষার পরিবেশ আধুনিকায়ন এখন সময়ের দাবি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে রাজশাহী কলেজিয়েট স্কুল অতীতের গৌরব অক্ষুণ্ন রেখে ভবিষ্যতেও দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

তথ্যসূত্র:রাজশাহী কলেজিয়েট স্কুলের ইতিহাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad