রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন ওমর সানী। ভিডিওতে অভিনয়, ব্যক্তিগত জীবন ও ব্যবসার পাশাপাশি অনন্ত জলিলকে নিয়েও নিজের মতামত তুলে ধরেন তিনি।
অনন্তর প্রতি আস্থা ওমর সানীর
ভিডিওতে অনন্ত জলিল সম্পর্কে ওমর সানী বলেন, তার সঙ্গে যতটুকু মিশেছেন, তাতে অনন্তকে দারুণ মনের মানুষ হিসেবে দেখেছেন। তিনি একজন সত্যিকারের ফাইটার বলেও মন্তব্য করেন। বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তা অনন্তর জন্য খুব বড় কোনো সমস্যা নয় বলে মনে করেন তিনি। তার বিশ্বাস, অনন্ত দ্রুতই পরিস্থিতি সামলে নেবেন।
সমালোচকদের উদ্দেশে ওমর সানী বলেন, আলোচনা করে অনন্তকে ছোট করার যেমন কোনো অর্থ নেই, তেমনি অযথা বড় করে দেখানোরও প্রয়োজন নেই। তার মতে, অনন্ত সংক্ষেপেই বিষয়টির সমাধান করতে পারবেন।
অনন্ত জলিলকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, এ ধরনের গসিপ বা আলোচনা না হলেই ভালো হতো। যেহেতু ঘটনা ঘটেছে, তাই বিষয়টি দ্রুত মিটিয়ে ফেলার প্রত্যাশা করেন তিনি। অনন্তর স্ত্রীকে ছোট বোনের মতো স্নেহ করেন বলেও জানান ওমর সানী।
রেস্টুরেন্ট ব্যবসা নিয়েও কথা
ভিডিওতে নিজের ব্যক্তিগত জীবন ও পেশাগত ব্যস্ততা নিয়েও কথা বলেন ওমর সানী। অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত এই অভিনেতা জানান, হেমায়েতপুরে নিজের রেস্টুরেন্টে যাতায়াতের সময় প্রায়ই অনন্ত জলিলের গার্মেন্টস প্রতিষ্ঠানের পাশ দিয়ে যান।
রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল ও সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি ভাত, রুটি, পরোটা, পেঁয়াজ, লবণ ও আদার ব্যবসা করি। এতে লজ্জার কিছু নেই।’
পাশাপাশি ভালো চরিত্র পেলে নিয়মিত অভিনয় চালিয়ে যাওয়ার আগ্রহের কথাও জানান তিনি। অভিনয়কে নিজের জীবনের অপরিহার্য অংশ উল্লেখ করে ওমর সানী বলেন, অভিনয় তার কাছে ইনসুলিনের মতো—যা তাকে নিতেই হবে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স