অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, বাংলা রকের কিংবদন্তি শিল্পী হামিন আহমেদ এবং জয় শাহরিয়ারের মা শাহরিয়া আখতার বুলু।
অ্যালবামের আটটি গানের সব কটিতেই কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন জয় শাহরিয়ার নিজেই। নিজের সংগীতভাবনা ও সৃজনশীলতার সমন্বয়ে গানগুলো তৈরি করেছেন তিনি।
আধুনিক শ্রোতাদের কাছে সহজে পৌঁছাতে অ্যালবামের গানগুলো প্রকাশ করা হয়েছে স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন, ডিজার ও স্বাধীনসহ আন্তর্জাতিক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
তবে শুধু ডিজিটাল মাধ্যমেই সীমাবদ্ধ থাকেননি এই শিল্পী। নতুন প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সিডি, ক্যাসেট ও একটি বিশেষ বুকলেটও প্রকাশ করা হয়েছে।
নতুন অ্যালবাম প্রকাশের অনুভূতি জানিয়ে জয় শাহরিয়ার বলেন, সাত বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত। প্রথম অ্যালবাম প্রকাশের সময়ের মতোই এবারও তাঁর মধ্যে একই রকম আনন্দ কাজ করছে। নিজের পছন্দ ও ভাবনা অনুযায়ী গানগুলো তৈরি করেছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, শ্রোতাদের ভালো লাগবে অ্যালবামের গান।
ডিজিটাল যুগে সিডি-ক্যাসেট প্রকাশের উদ্যোগ প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, নতুন প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের সঙ্গে পরিচিত করানোই তাঁর অন্যতম উদ্দেশ্য। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে সিডি ও ভিনাইলের জনপ্রিয়তা আবার বাড়ছে। বাংলাদেশেও এই সংস্কৃতি নতুন করে ঘুরে দাঁড়াবে বলে তিনি আশাবাদী।
‘আজব রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত অ্যালবামটির সার্বিক সহযোগিতায় রয়েছে ‘আজব কারখানা’। আর টিশার্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ‘এন স্টোরিজ’।
সাত বছরের বিরতির পর ‘বোকা’ প্রকাশের মধ্য দিয়ে নিজের সংগীতযাত্রায় নতুন অধ্যায় যুক্ত করলেন জয় শাহরিয়ার। ডিজিটাল প্রকাশনার পাশাপাশি সিডি ও ক্যাসেটের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছানোর উদ্যোগটিও অ্যালবামটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স