ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বা প্রায় ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ এলাকায় তাঁরা দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবির পাশাপাশি পুলিশ, এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরাও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। প্রয়োজনে আরও জনবল পাঠানোর প্রস্তুতি রয়েছে।
জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা সরকারি-বেসরকারি সম্পত্তিতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও সতর্ক করেন তিনি।
মহাসড়কে টহল ও স্ট্রাইকিং ফোর্সপুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জের নিরাপত্তায় ১ হাজার ৩৫০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত টহল দল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
এ ছাড়া সদর উপজেলাসহ জেলার চারটি উপজেলায় সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় পুলিশ কাজ করছে। জনগণের জানমাল রক্ষায় ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
মিছিল-ভাঙচুরে উত্তেজনা, বন্ধ ছিল দোকানপাটস্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রোববার সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে গোপালগঞ্জ শহরে প্রবেশ করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ও কয়েকটি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। মিছিল ঘিরে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। দুপুরের পর শহরের পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে।
প্রতিবেদন অনুযায়ী, সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে সকাল থেকে বিভিন্ন এলাকা ও ইউনিয়নের নেতাকর্মীরা জড়ো হন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে তাঁরা বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।
মিছিলকারীদের বিরুদ্ধে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র বহন এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলক ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানার টাঙানোর ঘটনাও ঘটে। এ ছাড়া সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়।
তথ্যসূত্র: গোপালগঞ্জ সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রেস ব্রিফিং এবং স্থানীয় সূত্রের , ১৫ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক