২০০৭ সালের ১৫ নভেম্বর আঘাত হানা সিডরে পিরোজপুরের বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলার সাত উপজেলায় প্রাণ হারান ৪০৯ জন। ক্ষতিগ্রস্ত হন ১১ লাখ ৪৩ হাজার ৮৭১ জন। সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৫৪ হাজার ৪১৬টি ঘরবাড়ি। নষ্ট হয় ১১ হাজার ৭৪৬ হেক্টরের বেশি জমির ফসল। এ ছাড়া জেলার ৭৩ দশমিক ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ এবং ১৪৭ দশমিক ০৯ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
সিডরের পর বিভিন্ন সময়ে ফণী, আইলা ও আম্ফানসহ একাধিক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে উপকূলে। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি আরও বেড়েছে। কিন্তু দীর্ঘ সময়েও অনেক এলাকায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় ঝুঁকি কাটেনি।
ভাঙা বাঁধে বাড়ছে দুর্ভোগমঠবাড়িয়া, জিয়ানগর, ভান্ডারিয়া ও পিরোজপুর সদর উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় এখনো অরক্ষিত বেড়িবাঁধ ও নদীভাঙনের সমস্যা প্রকট। কোথাও কোথাও সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের পানিতেই নিম্নাঞ্চল প্লাবিত হয়। বর্ষা ও ঘূর্ণিঝড়ের মৌসুমে বাড়িঘর, ফসলি জমি ও বসতভিটা হারানোর আশঙ্কায় থাকেন বাসিন্দারা।
জিয়ানগর উপজেলার বেপশাবুনিয়া গ্রামের বাসিন্দা হনুফা বেগম সিডরে সন্তান রাব্বিকে হারিয়েছেন। ১৯ বছর পরও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি। হনুফা বলেন, সিডরে তাঁর সবকিছু শেষ হয়ে গেছে। সন্তান হারানোর পরও এলাকার মানুষকে বারবার বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষতি সহ্য করতে হচ্ছে। গত বছরও তাঁদের এলাকায় গলাসমান পানি উঠেছিল। সেখানে কোনো বেড়িবাঁধ না থাকায় দ্রুত একটি টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তিনি।
জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কঁচা নদীপাড়ের বাসিন্দা আবুল কালাম বলেন, সিডরের রাতে নদীর পানি বেড়ে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। তিনি নিজেও ঘরের নিচে চাপা পড়েছিলেন। এত বছরেও তাঁদের এলাকার বেড়িবাঁধ সংস্কার হয়নি বলে অভিযোগ করেন তিনি।
একই এলাকার মিনারা বেগম বলেন, সিডরের পরও একাধিক বন্যা ও ঘূর্ণিঝড়ে তাঁদের ঘরবাড়ি ও রান্নার চুলা পানিতে তলিয়ে গেছে। টেকসই বাঁধ না থাকায় প্রতিবছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পিরোজপুর সদর উপজেলার কৈবর্তখালী গ্রামের মসজিদের ইমাম রফিকুল ইসলাম জানান, নদীভাঙনে তাঁদের এলাকার বসতভিটা ও স্থাপনা বিলীন হচ্ছে। শিক্ষার্থীদের স্কুল-মাদ্রাসায় যাতায়াতও ব্যাহত হচ্ছে। নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে স্থানীয় মসজিদটিও। এলাকায় পর্যাপ্ত সাইক্লোন সেন্টার না থাকায় দুর্যোগের সময় আশ্রয় নেওয়া নিয়েও দুশ্চিন্তায় থাকতে হয়। তিনি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
স্থানীয় জেলে আজমল খান বলেন, নদীভাঙনে অনেক পরিবার বসতভিটা হারিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। জোয়ারের পানিতে এখনো ঘরবাড়ি তলিয়ে যায়। দুর্যোগের সময় আশ্রয় নেওয়ার জায়গা না থাকায় পরিবার নিয়ে অন্যত্র চলে যাওয়ার চিন্তা করছেন তিনি।
বাঁধ মেরামতের উদ্যোগের কথা পাউবোরপিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, সিডরে জেলার বেশ কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে ইন্দুরকানী ও হুলারহাটের ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ করা হয়, যেগুলো এফসিডিআই বেড়িবাঁধ নামে পরিচিত। এসব বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুন্নয়ন রাজস্ব খাত থেকে শংকরপাশা ও শারিকতলায় কিছু বাঁধ মেরামত করা হয়েছে।
তিনি জানান, সন্ধ্যা, কঁচা ও বলেশ্বর নদীর ওপর একটি সমীক্ষা পরিচালনার কাজ চলছে। সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণের সুপারিশ করা হবে।
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির দাবি প্রশাসনেরপিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, সিডরের পর দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। জেলায় ৪০০টির বেশি সাইক্লোন সেন্টার রয়েছে, যেগুলো সব সময় চালু থাকে। আশ্রয়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে প্রশাসনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সিডরে ক্ষতিগ্রস্ত সড়ক, ঘাট ও বেড়িবাঁধের অনেকাংশ ইতোমধ্যে মেরামত করা হয়েছে। যেসব স্থানে কাজ বাকি রয়েছে, সেগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সিডরের পর রেড ক্রিসেন্ট নিজস্ব ও বিদেশি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণে সহায়তা করেছিল। বর্তমানে দুর্যোগ মোকাবিলায় পিরোজপুর রেড ক্রিসেন্টের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।
সিডরের ১৯ বছর পরও নদীতীরবর্তী মানুষের প্রধান দাবি—জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণ। তাঁদের আশঙ্কা, স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে না উঠলে পরবর্তী ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসে আবারও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে।
তথ্যসূত্র:১৫ নভেম্বর ২০২৬। সংশ্লিষ্ট বাসিন্দা, পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের বক্তব্য।

প্রথম দর্পণ,ডেস্ক