স্থানীয়দের উদ্যোগে ও অর্থায়নে নির্মিত বাঁশের সাঁকোটিই এখন নদী পারাপারের একমাত্র ভরসা। তবে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও নদীর প্রবল স্রোতে সাঁকোটি প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। কখনো ভেঙে গেলে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন বিকল্প পথে ঘুরে নদী পার হতে প্রায় এক ঘণ্টা সময় লাগে।
ঝুঁকিপূর্ণ সাঁকোই একমাত্র ভরসা
সরেজমিনে দেখা যায়, উপজেলার পশ্চিম ভাদেশ্বরের হাবিব মাস্টারের বাড়ির পাশে করাঙ্গী নদীর ওপর বাঁশ দিয়ে দীর্ঘ একটি সাঁকো তৈরি করা হয়েছে। নদীর দুই পাড়ে বাঁশের খুঁটি পুঁতে কোনোমতে দাঁড় করিয়ে রাখা হয়েছে সাঁকোটি। কোথাও বাঁশের সংযোগ দুর্বল, কোথাও পুরো কাঠামো নড়বড়ে। নেই কোনো নিরাপত্তাবেষ্টনী। প্রতিদিন বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।
সেতু না থাকায় নদীর দুই পাড়ে পৃথক যানবাহন ব্যবস্থা গড়ে উঠেছে। এক পাড়ে গাড়ি থেকে নেমে সাঁকো পার হয়ে অন্য পাড়ে গিয়ে আবার ভিন্ন গাড়িতে উঠতে হয় যাত্রীদের। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে। শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য এই যাতায়াত আরও কষ্টকর। বর্ষায় নদীর পানি ও স্রোত বাড়লে দুর্ভোগ চরমে পৌঁছায়।
কৃষি ও যোগাযোগে স্থবিরতা
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পশ্চিম ভাদেশ্বর, কসবা করিমপুর, গোলগাঁও, কামারগাঁও, সাতানীগাঁও, তকিয়া, ফকিরবাড়ি, সুন্দ্রটিকি তালুগাঁও ও টিলাবাড়িসহ আশপাশের ৯টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ সেতুর অভাবে ভোগান্তিতে রয়েছেন।
নদীর এক পাশে বসতি, অন্য পাশে বিস্তীর্ণ কৃষিজমি। সেতু না থাকায় কৃষকদের জমিতে যাতায়াত, ফসল আনা-নেওয়া এবং কৃষিপণ্য বাজারজাত করতে বাড়তি বিড়ম্বনায় পড়তে হচ্ছে। শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
এলাকাবাসী জানান, প্রতিবছর নিজেদের চাঁদার টাকায় বাঁশের সাঁকো নির্মাণ ও মেরামত করতে হয়। পাহাড়ি ঢল কিংবা নদীর স্রোতে সাঁকো ক্ষতিগ্রস্ত হলে আবারও অর্থ সংগ্রহ করে নতুন করে তৈরি করতে হয়। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। নদী পারাপারের সময় দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁদের।
২৬ বছরের দাবিও পূরণ হয়নি
স্থানীয় ইউপি সদস্য ফরিদ মেম্বার বলেন, প্রায় ২৬ বছর ধরে তাঁরা সেতু নির্মাণের চেষ্টা করছেন। বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে আবেদন জানিয়েছেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার কাছেও আবেদন করা হয়েছিল। কিন্তু এখনো সেতু নির্মাণ হয়নি। একটি সেতু হলে এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতো।
সাবেক ইউপি সদস্য আক্কাস আলী বলেন, তাঁদের পূর্বপুরুষেরাও এই নদীর ওপর সেতু নির্মাণের জন্য চেষ্টা করে গেছেন। কিন্তু দীর্ঘদিনেও দাবি পূরণ হয়নি। সেতু নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াতের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।
বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ বলেন, বাহুবল সদর থেকে মাত্র দুই-তিন কিলোমিটার দূরের একটি এলাকায় হাজার হাজার মানুষকে সেতুর অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থী, রোগী ও কৃষকসহ সব শ্রেণি-পেশার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত সেতুর অনুমোদন ও নির্মাণকাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অনুমোদনের জন্য পাঠানো হয়েছে প্রস্তাব
এ বিষয়ে বাহুবল উপজেলা প্রকৌশলী সঞ্জিত ঘোষ বলেন, করাঙ্গী নদীর ওপর প্রস্তাবিত ৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি অনুমোদনের জন্য এলজিইডি হবিগঞ্জের মাধ্যমে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু প্রকল্পে পাঠানো হয়েছে। সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে।
দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও সেতু নির্মাণকাজ শুরুর অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।
তথ্যসূত্র: (হবিগঞ্জ) প্রতিনিধি, ১৫ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক