সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়ার পরও ১৪ বছরের জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা না পাওয়ার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। দাবি আদায় না হলে সোমবার (১৬ নভেম্বর) থেকে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। পরে দাবি বাস্তবায়নের জন্য উপাচার্যের দপ্তরে স্মারকলিপি দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত, তথ্য ও সেবা) মো. মিয়া হোসেন রানার নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও পুনর্বহাল হওয়া ৯৮৮ জনের জ্যেষ্ঠতা নির্ধারণ ও ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অথচ সম্প্রতি আরও ৩০০ জন অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে।
তাদের প্রশ্ন, বিদ্যমান জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা সম্ভব হলে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাধা কোথায়?
২০১২ সালের বেতন স্কেলেই বেতন, পদোন্নতি নিয়েও অনিশ্চয়তা
আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেলেও পুনর্বহাল হওয়া ৯৮৮ জনকে এখনো ২০১২ সালের পুরোনো বেতন স্কেলে বেতন দেওয়া হচ্ছে। এতে তারা অন্যদের তুলনায় প্রায় অর্ধেক বেতন পাচ্ছেন বলে দাবি করেন।
তাদের অভিযোগ, ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর না হওয়ায় পদোন্নতির সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে পেনশন ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের উপযোগী গাড়ি থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের অর্থে নতুন গাড়ি কেনা হয়েছে। অথচ দীর্ঘদিন চাকরিচ্যুত থাকার পর আদালতের রায়ে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধে প্রশাসনের অনীহা রয়েছে।
আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহাল
প্রতিবেদন অনুযায়ী, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছিলেন। এমএলএসএস থেকে ডেপুটি রেজিস্ট্রার সমমর্যাদার পদেও তাদের নিয়োগ দেওয়া হয়। পরে নিয়োগের বৈধতা নিয়ে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০১২ সালে তাদের চাকরিচ্যুত করা হয়।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার কথা বলা হয়। চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় তাদের সুযোগ-সুবিধা নির্ধারণের ক্ষমতাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করার বিষয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আইনি প্রক্রিয়া এগিয়ে যায়।
তবে পুনর্বহালের পরও জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা নিয়ে জটিলতা কাটেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাদের দাবি, আদালতের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে চাকরির ধারাবাহিকতা, ১৪ বছরের জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা দ্রুত নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

প্রথম দর্পণ,ডেস্ক