পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হলে ঢাবিতে আবেদনের সুযোগ দিতে সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ দুপুর
  • ৮৮৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়ে ভালো হবে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির আবেদনের সুযোগ দিতে সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল ২৩ নভেম্বরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে। এতে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হতে পারে। তাই পুনর্নিরীক্ষণে যাদের ফল ভালো হবে, তারাও যেন ভর্তির আবেদন করতে পারে, সে জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আবেদনের সময় আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাব।

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ৪৫ হাজার শিক্ষার্থীর

শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি পরীক্ষার ফল আশানুরূপ হয়নি। পাসের হার ছিল ৫২ শতাংশ। এ অবস্থায় খাতা পুনর্নিরীক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর ফল বা গ্রেডে পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে।

তিনি বলেন, ১৯৮০ সালের প্রচলিত আইনে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ ছিল না। চলতি বছর জাতীয় সংসদে আইন সংশোধনের মাধ্যমে এ সুযোগ তৈরি করা হয়েছে। পুনর্নিরীক্ষণে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরীক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হচ্ছে।

সাপ্লিমেন্টারি পরীক্ষার দ্বিতীয় ধাপ ২ ডিসেম্বর

এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ পরীক্ষার দ্বিতীয় ধাপ আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। যারা উত্তীর্ণ হবে, তারা বিশ্ববিদ্যালয়ে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে।

তিনি বলেন, দেশে উচ্চশিক্ষার জন্য বর্তমানে প্রায় ১৫ লাখ আসন রয়েছে, অথচ শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছয় লাখ। ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ রয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বুয়েটসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্বাভাবিক গতিতে চালিয়ে যেতে হবে। পুনরায় পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম আটকে রাখা যাবে না।

চার বছরের কোর্স চার বছরেই শেষ করতে হবে

বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসনের ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর জীবনের দীর্ঘ সময় কেটেছে। কিন্তু চার বছরের একটি কোর্স শেষ করতে তাঁর আট বছরেরও বেশি সময় লেগেছিল। ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

তিনি বলেন, চার বছরের কোর্স চার বছরেই এবং পাঁচ বছরের কোর্স পাঁচ বছরেই শেষ করতে হবে। এর বেশি সময় লাগলে তা প্রশাসনের ব্যর্থতা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের সময়ের মূল্য বুঝতে হবে। একই সঙ্গে অভিভাবকদের সময়ও অযথা নষ্ট করা যাবে না।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময়ক্ষেপণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, একজন শিক্ষার্থীর ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে উচ্চমাধ্যমিক শেষ করার কথা। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে অনেকের ক্ষেত্রে এসএসসি পাস করতে ১৭ বছর এবং উচ্চমাধ্যমিক শেষ করতে ২০ বছর লেগে যাচ্ছে। এতে একজন শিক্ষার্থীর জীবনের মূল্যবান দুই বছর নষ্ট হচ্ছে।

২০ লাখ শিক্ষার্থীর প্রত্যেকের দুই বছর করে সময় নষ্ট হলে দেশের জনমিতিক লভ্যাংশ থেকে ৪০ লাখ শিক্ষার্থী-বর্ষ হারাতে হয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী প্রশ্ন রাখেন, এই ক্ষতির দায় কে নেবে?

২০২৭ সালের এসএসসি শুরু ১৫ মার্চ

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৫ মার্চ থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এক মাসের মধ্যে পরীক্ষা শেষ করে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে চায় সরকার। পরীক্ষা আয়োজন থেকে ফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষা খাতে বরাদ্দ বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও গবেষণা খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রধানমন্ত্রী বড় অঙ্কের বাজেট বরাদ্দ দিয়েছেন। বর্তমানে এ খাতে বরাদ্দ প্রায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা, যা গত বছর ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা।

গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন খাতে বরাদ্দ আরও বাড়ানোর অনুরোধে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান এগিয়ে এলে তাদের জন্য আরও অর্থ বরাদ্দের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে প্রায় পাঁচ হাজার কোটি টাকার হিট (হিট) প্রকল্পের মাধ্যমে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad