ডেঙ্গু প্রতিরোধে গ্রামাঞ্চলে সচেতনতা কার্যক্রম চালাবে মাদারীপুর পাঠকমেলা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ বিকাল
  • ৬৭৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পাঠাভ্যাসের প্রসার ও সামাজিক কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে আমার দেশ পাঠকমেলা, মাদারীপুর জেলা শাখা। এ লক্ষ্যে জেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে প্রজেক্টরের মাধ্যমে ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) আমার দেশ পাঠকমেলা, মাদারীপুর জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, পাঠাভ্যাস বাড়ানো এবং জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিষয়েও মতবিনিময় করেন নেতারা।

সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নূর এ আলম হাওলাদার। উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা মো. মুরাদ হাসান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রিয়াজুল।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট নূর এ আলম হাওলাদার নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কার্যক্রম এগিয়ে নিতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা প্রয়োজন।

সাধারণ সম্পাদক মো. রিয়াজুল কার্যনির্বাহী কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, সদস্যদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে ভিডিও প্রদর্শনের পরিকল্পনা

সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। জেলা শাখার দপ্তর সম্পাদক নাহিম আমিন এ বিষয়ে একটি সচেতনতামূলক ভিডিও নির্মাণের পরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনা অনুযায়ী, প্রজেক্টরের মাধ্যমে জেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও প্রত্যন্ত এলাকায় ভিডিওটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।

ভিডিওতে ডেঙ্গুর ঝুঁকি, সংক্রমণ প্রতিরোধের উপায়, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বাড়ির ছাদ, আঙিনা, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা হবে।

উদ্যোক্তাদের পরিকল্পনা, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, পাড়া-মহল্লা ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক উদ্যোগ গড়ে তোলা। সহজবোধ্য স্বাস্থ্যবার্তা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

পাঠাভ্যাস ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণ

সভায় জেলা শাখার সহসভাপতি এ কে আজাদ হিমেল আমার দেশ পাঠকমেলার লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সমাজে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং ইতিবাচক চিন্তাধারার বিকাশে সংগঠনের ভূমিকা তুলে ধরেন তিনি। পাশাপাশি পাঠচক্র, বইভিত্তিক আলোচনা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণদের জ্ঞানচর্চায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।

বক্তারা বলেন, পাঠকমেলার কার্যক্রম শুধু বই পড়া বা পাঠাভ্যাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রয়োজনের সঙ্গে যুক্ত করা জরুরি। জ্ঞানভিত্তিক সমাজ গঠন, সামাজিক সচেতনতা সৃষ্টি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং জনস্বাস্থ্যসংশ্লিষ্ট উদ্যোগেও সংগঠন ভূমিকা রাখতে পারে।

সভায় সাংগঠনিক সম্পাদক কাজী আবু বকর জনি, অর্থবিষয়ক সম্পাদক রায়হান আহমেদ, প্রচার সম্পাদক কামরুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিয়াম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, নতুন কর্মসূচি গ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়ে মতামত তুলে ধরেন।

সভা শেষে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও দায়িত্বশীলতার ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad