দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্য কাটেনি। আগুনের কারণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈদ্যুতিক শর্টসার্কিটের ধারণা, বিরোধীদলীয় সংসদ সদস্যদের পরিকল্পিত হামলার অভিযোগ এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ভিন্ন পর্যবেক্ষণে তৈরি হয়েছে পরস্পরবিরোধী বক্তব্য। এ অবস্থায় সবার নজর এখন তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের দিকে।
শনিবার (১৪ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) তিন দিনের নির্ধারিত সময়সীমার শেষ দিনে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তদন্ত প্রতিবেদনে আগুনের উৎস ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কী তথ্য উঠে আসে, তা জানতে অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।
শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানিয়েছিলেন, বাড়ির পুরোনো বৈদ্যুতিক সংযোগে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে পেট্রল বোমা ব্যবহারের প্রাথমিক কোনো আলামত পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
তবে তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের কারণ নিয়ে মন্ত্রীর এমন বক্তব্যের বিরোধিতা করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এ ধরনের মন্তব্য অনুসন্ধান কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। ঘটনাটিকে পরিকল্পিত হামলার অভিযোগের আলোকে গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানান তারা।
শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত নয় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটির দৌলতপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ সুপার তাকে ফোন করলে প্রাগপুর জোনের সহকারী মহাব্যবস্থাপককে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়। পরিদর্শনে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি বলেন, বিদ্যুৎ সমিতির স্থাপিত মিটার ছিল বাড়ির এক পাশে, অথচ আগুনের সূত্রপাত হয়েছে বিপরীত পাশে। এ কারণে প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিটের সম্ভাবনা দেখা যাচ্ছে না।
প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-ওঅ্যান্ডএম) তোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ সরবরাহের মিটার, ট্রান্সফরমারের ফিউজ, সংযোগ লাইন ও মেইন সুইচ অক্ষত পাওয়া গেছে। তার ভাষ্য, শর্টসার্কিটের কারণে আগুন লাগলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ফিউজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু এসব সরঞ্জাম অক্ষত থাকায় তাদের প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিটের কোনো আলামত মেলেনি।
বিরোধীদলীয় এমপিদের ঘটনাস্থল পরিদর্শন
শুক্রবার বিকেলে ১১ দলীয় জোটের বিরোধীদলীয় সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল নুসরাতের বাড়ি পরিদর্শন করে। প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য আব্দুল গফুর, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।
ক্ষতিগ্রস্ত বাড়ি ঘুরে দেখার পর তারা সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য তুলে ধরেন। পরে প্রতিনিধিদলটি কুষ্টিয়া ত্যাগ করে।
মামলায় আটজনের নাম, গ্রেপ্তার নেই
অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
তবে শনিবার পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে।
রোববার তদন্ত প্রতিবেদন জমার কথা
তদন্ত কমিটির সদস্য ও ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, শনিবার ছিল তদন্তের দ্বিতীয় দিন। এদিনও কমিটির সদস্যরা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সার্কিট হাউসে বৈঠক করছেন। নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল ১৫ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
তদন্ত কমিটির আরেক সদস্য ও কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনও আগামীকাল প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটি সমন্বিতভাবে প্রতিবেদন পেশ করবে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
অগ্নিকাণ্ডে বাড়িটির বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও ব্যবহার্য সামগ্রী পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন তদন্ত প্রতিবেদনে আগুনের প্রকৃত উৎস, বৈদ্যুতিক ত্রুটির সম্ভাবনা এবং পরিকল্পিত হামলার অভিযোগের বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রথম দর্পণ,ডেস্ক