প্যারিস জলবায়ু চুক্তির আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা জোরদার করতে সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর ফলে কার্বন অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে দুই দেশের যৌথ উদ্যোগের পথ উন্মুক্ত হলো।
শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সিঙ্গাপুর প্যাভিলিয়নে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং চুক্তিতে স্বাক্ষর করেন।
প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় এ সহযোগিতা বাংলাদেশের আন্তর্জাতিক কার্বন বাজারে অংশগ্রহণ সম্প্রসারণ এবং জাতীয়ভাবে নির্ধারিত জলবায়ু লক্ষ্যমাত্রা (এনডিসি ৩.০) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কার্বন অর্থায়নে নতুন সম্ভাবনা
স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্যারিস চুক্তির আওতায় সিঙ্গাপুরের সঙ্গে এ অংশীদারিত্বকে বাংলাদেশ আন্তরিকভাবে স্বাগত জানায়। এ সহযোগিতা কার্বন অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি, উচ্চমানসম্পন্ন ও স্বচ্ছ কার্বন বাজারের বিকাশ এবং বাংলাদেশের এনডিসি ৩.০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নির্ধারিত লক্ষ্য অর্জনে সিঙ্গাপুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
তথ্য ও অভিজ্ঞতা বিনিময়
সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশ কার্বন ক্রেডিট-সংক্রান্ত তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে কার্বন নিঃসরণ কমানোর প্রকল্প বাস্তবায়নে ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করা হবে।
এ উদ্যোগের ফলে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্বন বাজার গড়ে তোলার পাশাপাশি জলবায়ুবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ার সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন পাওয়ার নতুন সুযোগ সৃষ্টি এবং দেশের নিম্ন-কার্বন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সহজ হতে পারে।
বাস্তবায়ন চুক্তি কপ-৩২-এ
সমঝোতা স্মারকের পরবর্তী ধাপে আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ সম্মেলনে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে। এর মাধ্যমে প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় দুই দেশের সহযোগিতাকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক