শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, জীবনে সফল হতে সময়ানুবর্তিতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর উপস্থিত হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি নিজের শারীরিক অসুস্থতা, রাজনৈতিক ও জনসেবামূলক কাজের চাপের কথা উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সব ক্ষেত্রে সময় মেনে চলার পরামর্শ দেন।
শহীদ মামুন মাহমুদের আত্মত্যাগ স্মরণবক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হওয়া ডিআইজি মামুন মাহমুদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মন্ত্রী। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অনুষ্ঠানগুলোতে শহীদ মামুন মাহমুদের পরিবারের সদস্যদের যথাযথ সম্মান ও মর্যাদায় আমন্ত্রণ জানানোর আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর অবদান তুলে ধরেন ভূমিমন্ত্রী। তাঁদের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে রাজশাহীর কৃতী সন্তানদের উদাহরণরাজশাহীর কৃতী সন্তানদের অবদান তুলে ধরে মিজানুর রহমান মিনু বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ট্রাইব্যুনালে বিচারক জি এন রায় (জয়ন্ত কুমার রায়) হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এ ছাড়া বিশ্বখ্যাত স্থপতি এফ আর খান (ফজলুর রহমান খান)-এর উদাহরণ তুলে ধরে তরুণদের আন্তর্জাতিক মানের মেধা ও দক্ষতা অর্জনের তাগিদ দেন তিনি।
নতুন ভবন ও বাস বরাদ্দের আশ্বাসশিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ভূমিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে শিগগিরই একটি নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পৃথক কমন রুমের ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি বাস বরাদ্দের চেষ্টা করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বক্তব্য ও পরিবেশনার প্রশংসা করেন মন্ত্রী। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম আহমেদ ও জান্নাতুল মাওয়ার পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। এ সময় জান্নাতুল মাওয়াকে মাইক্রোফোন ব্যবহারের কৌশল সম্পর্কেও পরামর্শ দেন তিনি।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার ও প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক