সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতা পেলেই কঠোর ব্যবস্থা, বাতিল হতে পারে বরাদ্দ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ বিকাল
  • ৭৬২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সরকারি আবাসিক ভবন ও কোয়ার্টারে ময়লা-আবর্জনা জমিয়ে রেখে পরিবেশ অপরিচ্ছন্ন করলে সংশ্লিষ্ট বাসিন্দাদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে। পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রথমে বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানানো হবে। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে বরাদ্দ বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি কোয়ার্টারে বসবাসকারীদের নিজ উদ্যোগে ময়লা-আবর্জনা পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। এ বিষয়ে শুরুতে সচেতন করা হবে। তবে নির্দেশনার পরও কেউ পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যর্থ হলে তার আবাসন বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

নাগরিক সেবায় যুক্ত হবেন জ্যেষ্ঠ নাগরিকরা

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মান উন্নয়নে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও জ্যেষ্ঠ নাগরিকদের সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার।

মীর শাহে আলম জানান, মহল্লা ও ওয়ার্ডভিত্তিক উপদেষ্টা কমিটি গঠন করে তাঁদের বেসরকারিভাবে এ কার্যক্রমে যুক্ত করা হবে। পাশাপাশি ঢাকা মহানগরীতে গঠিত সরকারি কমিটিগুলোর কার্যক্রমও অব্যাহত থাকবে।

এসব উদ্যোগের অগ্রগতি পর্যালোচনায় এক মাস পর প্রধানমন্ত্রী আবারও বৈঠক করবেন বলে জানান তিনি।

ঢাকার দুই সিটিতে সাড়ে তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের অনুমোদন

রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মীর সংকট দূর করতে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে মোট সাড়ে তিন হাজার জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুই হাজার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে নতুন যুক্ত হওয়া ইউনিয়নগুলোতে অবকাঠামো নির্মাণ, পানি সরবরাহ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ অনুশাসন দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন যুক্ত হওয়া এলাকার বাসিন্দাদের দ্রুত মূল ঢাকার নাগরিক সেবার আওতায় আনতে চলমান কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad