হঠাৎ ঢাকায় পিটার হাস, ১৯ নভেম্বর পর্যন্ত অবস্থানের কথা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ বিকাল
  • ৫৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস আকস্মিকভাবে ঢাকায় এসেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন তিনি। আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তার বাংলাদেশে অবস্থানের কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে পিটার হাসের এবারের ঢাকা সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো জানা যায়নি। এটি ব্যবসায়িক সফর, নাকি অন্য কোনো কারণে তার এই আগমন—সে বিষয়ে সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সফরকালে তার সম্ভাব্য বৈঠক, কর্মসূচি কিংবা রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগ নিয়েও স্পষ্ট তথ্য মেলেনি।

বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন

বাংলাদেশে প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ-সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন তিনি।

নির্বাচন নিয়ে আলোচনায় ছিলেন পিটার হাস

রাষ্ট্রদূত থাকাকালে বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনি পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন পিটার হাস। বিশেষ করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তিনি।

২০২৩ সালের ২৫ মে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে আলোচনা করেন পিটার হাস। ওই দিন তিনি জানান, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি প্রয়োগ করা হবে।

এর আগে ২৪ মে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করেন।

পিটার হাস সে সময় বলেছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আচরণে ইতিবাচক পরিবর্তন আনাই এ নীতির উদ্দেশ্য। ২০২৩ সালের সেপ্টেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, নির্বাচনি প্রক্রিয়ায় বাধা দিলে ক্ষমতাসীন দল, বিরোধী দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ এমনকি গণমাধ্যমের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।

তার এসব বক্তব্য ও কূটনৈতিক তৎপরতা সে সময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নতুন সফর ঘিরে কৌতূহল

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে অবসরের পর বেসরকারি খাতে যুক্ত হওয়া পিটার হাসের এবারের ঢাকা সফর নতুন করে কৌতূহল তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশ-সংশ্লিষ্ট কার্যক্রমে তার বর্তমান ভূমিকার কারণে সফরটির উদ্দেশ্য নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

তবে এখন পর্যন্ত তার সফরের উদ্দেশ্য, সম্ভাব্য বৈঠক কিংবা কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad