বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত বিশ্ব নিউমোনিয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউমোনিয়াসহ শিশুদের বিভিন্ন রোগের অন্যতম কারণ পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশ। পারিবারিক নানা জটিলতা এবং সচেতনতার অভাবে অনেক শিশু প্রয়োজনীয় যত্ন থেকেও বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার ও সমাজপর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।
তিনি জানান, গ্রামপর্যায়ে মায়েদের স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্তন পরীক্ষা করার জন্য তাঁদের ছোট আকারের বহনযোগ্য স্ক্রিনিং মেশিন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা নেওয়া হবে
নিউমোনিয়া প্রতিরোধ ও শিশুদের স্বাস্থ্যসুরক্ষায় প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সহযোগিতাও নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। শিশুদের রোগ প্রতিরোধে টিকা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
ক্যানসার শনাক্তে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা
আলোচনায় নারীদের স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, শ্রীলঙ্কা ও জার্মানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে স্তন ও জরায়ুমুখ ক্যানসার শনাক্তের ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ানো সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এফ সিদ্দিকী। আলোচনা সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

প্রথম দর্পণ,ডেস্ক