আন্তর্জাতিক অঙ্গনে জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের কাজী ফাহাদ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ বিকাল
  • ৮২৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
২০২৭ সালে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার দায়িত্ব পালন করবেন

আন্তর্জাতিক যুব সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ২০২৭ সালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও সংগঠক কাজী ফাহাদ। ফিলিপাইনের ক্লার্কে অনুষ্ঠিত জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেসে তিনি এ পদে নির্বাচিত হন। নতুন দায়িত্বে তিনি ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার জেসিআই ন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

কাজী ফাহাদের এ নির্বাচনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে জেসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বিস্তৃত হলো।

জেসিআইয়ে নেতৃত্বের দীর্ঘ অভিজ্ঞতা

কাজী ফাহাদ ২০১৮ সালে জেসিআইয়ের সঙ্গে যুক্ত হন। সংগঠনটিতে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২০ সালে জেসিআই ঢাকা এন্ট্রাপ্রেনিউরসের লোকাল প্রেসিডেন্ট, ২০২২ সালে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, ২০২৩ সালে ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৪ সালে ন্যাশনাল ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০২৫ সালে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বর্তমানে তিনি ২০২৬ সালের জেসিআই গ্লোবাল হিউম্যান ডিউটিজ চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজের এই অর্জন সম্পর্কে কাজী ফাহাদ বলেন, জেসিআই তাঁকে নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি নিজের ওপর বিশ্বাস রাখতে এবং আন্তর্জাতিক পরিসরে স্বপ্ন দেখার সুযোগ তৈরি করে দিয়েছে। তাঁর প্রতি আস্থা ও সমর্থনের জন্য জেসিআই বাংলাদেশ, সাবেক প্রেসিডেন্ট, পথপ্রদর্শক ও সহযোদ্ধা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি আরও বলেন, একসময় কেউ তাঁর জন্য সুযোগের দরজা খুলে দিয়েছিলেন। এখন অন্যদের জন্যও একইভাবে সুযোগ তৈরি করতে চান তিনি।

পাঁচ দেশের যুব নেতৃত্বে কাজ করার লক্ষ্য

২০২৭ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে পাঁচ দেশের জাতীয় সংগঠনগুলোর কার্যক্রমে সহযোগিতা, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন এবং আন্তদেশীয় অংশীদারত্ব বাড়ানোর পরিকল্পনা রয়েছে কাজী ফাহাদের। একই সঙ্গে তরুণ সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন এবং নেতৃত্বের সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দিতে চান তিনি।

উদ্যোক্তা হিসেবেও পরিচিতি

জেসিআইয়ের সাংগঠনিক দায়িত্বের বাইরে কাজী ফাহাদ একজন উদ্যোক্তা। ২০১১ সালে প্রতিষ্ঠিত রপ্তানিমুখী গার্মেন্টস অ্যাকসেসরিজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কাজী প্রিন্টিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি করপোরেট উপহার ও প্রচারসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান ‘করপোরেট বক্স’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন।

দীর্ঘ ১৩ বছরের বেশি সময়ের উদ্যোক্তা জীবনে দেশের রপ্তানি খাতে অবদানের জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্সের (বায়লা) ভাইস প্রেসিডেন্ট। ২০২৬-২৮ মেয়াদে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক এ দায়িত্বের মাধ্যমে বাংলাদেশের তরুণদের বৈশ্বিক নেতৃত্বে সম্পৃক্ত করা, তাঁদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করাই তাঁর লক্ষ্য।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad