দলিল নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার প্রস্তাব উঠলেও নিবন্ধন অধিদপ্তর আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী নিবন্ধন বিভাগের প্রশাসনিক দায়িত্ব আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অবস্থান তুলে ধরেন।
আইনমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সাব-রেজিস্ট্রি বিভাগকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে। তবে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আইনি কাঠামো অনুযায়ী নিবন্ধন বিভাগ আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।
নিবন্ধন বিভাগ অবহেলিত, উন্নয়নে উদ্যোগের আশ্বাসদেশের রাজস্ব আদায় ও জাতীয় বাজেটে নিবন্ধন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে এ বিভাগকে দ্বিতীয় বৃহত্তম একক খাত হিসেবে বিবেচনা করা হয়। অথচ অবদানের তুলনায় নিবন্ধন বিভাগ দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।
তিনি বলেন, নিবন্ধন বিভাগের উন্নয়নে যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
আট মাসেও কলেজের জমি বিনিময়ের দলিল নিবন্ধন হয়নিনিবন্ধন কার্যালয়ে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরে আইনমন্ত্রী নিজের এলাকা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি ডিগ্রি কলেজের উদাহরণ দেন।
তিনি জানান, ওই কলেজের পার্শ্ববর্তী জমি বিনিময়ের (এওয়াজ) দলিল নিবন্ধন করতে কলেজটির ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে আট মাস ঘুরতে হয়েছে।
বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে কোন আইনি বিধানের কারণে দলিল নিবন্ধন করা হচ্ছে না, তা লিখিতভাবে জানতে চেয়েছিলেন বলে জানান তিনি। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা এর কোনো আইনি ব্যাখ্যা দিতে পারেননি।
আইনমন্ত্রী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জমি বিনিময়ের দলিল নিবন্ধনে আট মাস সময় লাগার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। একজন কর্মকর্তার ব্যর্থতা, অযোগ্যতা কিংবা দুর্নীতির কারণে পুরো নিবন্ধন অধিদপ্তর প্রশ্নের মুখে পড়তে পারে।
হয়রানির অভিযোগে জিরো টলারেন্সনিবন্ধন বিভাগকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে আসাদুজ্জামান বলেন, সাধারণ মানুষের মধ্যে এ বিভাগ সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কর্মকর্তাদের নিজেদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, জনগণ যেন নিবন্ধনসেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হয়রানির অভিযোগ বা তথ্য পাওয়া গেলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
কর্মীদের উৎসাহিত করতে প্রণোদনার ব্যবস্থা এবং সিনিয়র সাব-রেজিস্ট্রার পদায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি কর্মকর্তাদের বদলিতে লটারি পদ্ধতি চালু করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে নিবন্ধন বিভাগের ওপর জনগণের আস্থা ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।
৬৩২ কোটি টাকার অটোমেশন প্রকল্প অনুমোদনঅনুষ্ঠানে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ জানান, দলিল নিবন্ধনে জালিয়াতি প্রতিরোধ এবং সরকারি রাজস্ব বাড়ানোর লক্ষ্যে ৬৩২ কোটি টাকার ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প অনুমোদিত হয়েছে।
তিনি ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ি, প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা এবং নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান।
উল্লেখ্য, বর্তমানে দেশের ৬১টি জেলা রেজিস্ট্রার কার্যালয় এবং ৪৯৭টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্পত্তি হস্তান্তর, বিভিন্ন ধরনের দলিল নিবন্ধন, নিবন্ধিত দলিলের তথ্য সংরক্ষণ এবং সরকারি রাজস্ব ও কর আদায় এ অধিদপ্তরের অন্যতম দায়িত্ব।
অনুষ্ঠানে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক