শিল্প-সাহিত্যে হীনমন্যতা তৈরি করে জাতিকে দুর্বল করার চেষ্টা হয়েছে: ফারুকী

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৩ দুপুর
  • ১৪৬২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নিজস্ব সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে হবে, বললেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা

বাংলাদেশে কয়েক দশক ধরে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি নিয়ে হীনমন্যতার চর্চা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, একটি জাতিকে রাজনৈতিকভাবে দুর্বল করার অন্যতম কৌশল হলো তাকে সাংস্কৃতিকভাবে আত্মবিশ্বাসহীন করে তোলা। অথচ বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ও অসংখ্য গুণী স্রষ্টা।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, একটি জাতিকে বোঝানো যে তার নিজস্ব সংস্কৃতি ও শিল্প নেই—এটি তাকে দুর্বল করার কার্যকর কৌশল। বাংলাদেশেও কয়েক দশক ধরে এমন হীনমন্যতার চর্চা হয়েছে। একপর্যায়ে দেশের নীতিনির্ধারক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই নিজস্ব ঐতিহ্যের পরিবর্তে বাইরের সংস্কৃতির দিকে ঝুঁকেছেন।

ফারুকী বলেন, বাংলাদেশের মাটিতেই লালন, হাসন রাজা, রাধারমণ দত্ত ও শাহ আবদুল করিমের মতো অসংখ্য প্রতিভাবান কবি ও স্রষ্টার জন্ম হয়েছে। তাঁদের সৃষ্টিকর্ম এ দেশের সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করেছে।

হুমায়ূন আহমেদ স্বাধীনতা-পরবর্তী সময়ের বড় সাংস্কৃতিক আইকন

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আইকন হিসেবে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাম উল্লেখ করেন ফারুকী। তাঁর ভাষ্য, একসময় সাংস্কৃতিক অঙ্গনের একটি গোষ্ঠী হুমায়ূন আহমেদকে অবমূল্যায়ন করার চেষ্টা করেছিল। তবে তাঁর প্রজন্ম সেই প্রচেষ্টা সফল হতে দেয়নি।

ফারুকী বলেন, হুমায়ূন আহমেদের কাছাকাছি সাংস্কৃতিক প্রভাব তৈরি করতে পেরেছিল বাংলাদেশের রক সংগীতের একটি প্রজন্ম। তাঁদের মধ্যে আজম খান, আইয়ুব বাচ্চু ও জেমস উল্লেখযোগ্য।

নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি জাতির আনন্দ, দুঃখ, সংশয়, সংগ্রাম ও বৈপরীত্যের গল্প একান্তই তার নিজস্ব। সেই গল্প তুলে ধরতে প্রয়োজন নিজস্ব কথক ও শিল্পী। অন্যের কণ্ঠ ধার করে নিজেদের জীবনের গল্প বলতে গেলে একসময় নিজেদের জীবন ও পরিচয়ও অন্যের মতো হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

নিজস্ব সাংস্কৃতিক কণ্ঠস্বরের গুরুত্ব

ফারুকীর মতে, স্বাধীনতার আগে বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লালন, রাধারমণ দত্ত, আব্বাসউদ্দীন আহমদ, আবদুল আলীম, হাসন রাজা, শাহ আবদুল করিম ও জীবনানন্দ দাশসহ অনেকে। তাঁদের সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক পরিচয় নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

স্বাধীনতার পর কথাসাহিত্যের ক্ষেত্রে হুমায়ূন আহমেদ সেই নিজস্ব কথকের অবস্থান তৈরি করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

কিংবদন্তিদের স্মরণে উদ্যোগের কথা

সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জানান, সরকারে দায়িত্ব পালনের সময় বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ও সংস্কৃতিস্রষ্টাদের স্মরণ ও উদ্‌যাপনে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁকে নিয়ে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়েও একটি অনুষ্ঠান করা হয়েছিল।

এ ছাড়া হুমায়ূন আহমেদকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছিল, যার লিংক ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শেয়ার করবেন বলে জানান ফারুকী।

বাংলাদেশের কিংবদন্তিদের নিয়ে একটি ক্যালেন্ডার তৈরির কাজও শুরু হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তবে প্রকল্পটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত নন বলে জানান। তাঁর মতে, কাজটি সম্পন্ন করার পাশাপাশি দেশের গুণী শিল্পী ও স্রষ্টাদের নিয়ে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad