একসময় বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল ‘মিরাক্কেল’। উপস্থাপক মীর আফসার আলীর বুদ্ধিদীপ্ত সঞ্চালনা, তাৎক্ষণিক রসবোধ এবং প্রতিযোগীদের ব্যতিক্রমী কৌতুক পরিবেশনা অনুষ্ঠানটিকে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় করে তোলে। এই আয়োজনের মাধ্যমে অনেক কৌতুকশিল্পীও বিনোদন জগতে পরিচিতি লাভ করেন।
তবে টানা পাঁচ বছর অনুষ্ঠানটি প্রচার না হওয়ায় দর্শকদের মধ্যে তৈরি হয় অপেক্ষা ও হতাশা। সেই অপেক্ষার অবসান ঘটাতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মৌসুমের একটি প্রোমো প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। এরপর থেকেই অনুষ্ঠানটির প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
নতুন মৌসুমে দেশের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন বয়সী কৌতুকশিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। সেখানে নিজেদের প্রতিভা ও কৌতুক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন জয় করার লড়াইয়ে নামবেন প্রতিযোগীরা।
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী ফেব্রুয়ারিতেই পর্দায় ফিরবে ‘মিরাক্কেল’। তবে নতুন মৌসুমে বিচারকের আসনে কারা থাকবেন, সে বিষয়ে এখনো আলোচনা চলছে।
দর্শকদের প্রত্যাশা, নতুন মৌসুমে আবারও বিচারক হিসেবে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তকে। পাশাপাশি আগের মৌসুমের কয়েকজন জনপ্রিয় মুখ ও মেন্টরকে যুক্ত করার সম্ভাবনাও রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে বিচারক প্যানেল চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
দীর্ঘ বিরতির পর ‘মিরাক্কেল’-এর প্রত্যাবর্তন কতটা সাড়া ফেলতে পারে, তা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মীর আফসার আলীর সঞ্চালনা এবং প্রতিযোগীদের হাস্যরসাত্মক পরিবেশনা নতুন মৌসুমে আগের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে পারে কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স