কিশোর মোতালিব হত্যা মামলা: সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ বিকাল
  • ১৯২৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলায় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মো. সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

সকালে গ্রেপ্তার, সন্ধ্যায় আদালতে হাজির

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যার কিছুক্ষণ আগে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের (রমনা জোনাল টিম) পরিদর্শক মো. সুজন হক ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে যেসব অভিযোগ

রিমান্ড আবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পরও সাঈদ খোকন ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে দলটির ঝটিকা মিছিল পরিচালনা করেছেন। পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া মামলার অন্য আসামিদের পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় উদ্ঘাটন এবং সাঈদ খোকনের আশ্রয়দাতা ও বিশ্বস্ত কর্মীদের বিষয়ে তথ্য পেতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

যেভাবে হত্যা করা হয় মোতালিবকে

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয় ১৪ বছর বয়সী আব্দুল মোতালিব। আন্দোলন চলাকালে তার বুক ও গলায় গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে সাঈদ খোকনকে ২৯ নম্বর আসামি করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad