ডিসেম্বর নিয়ে যে মেসেজ লেখায় ফেঁসে যান এসপি জাহাঙ্গীর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ বিকাল
  • ১০৬৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ডিসেম্বরে বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার বার্তা এবং আওয়ামী লীগের পক্ষে মাঠে নামার আহ্বানসংবলিত হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় উসকানির অভিযোগে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা হয়েছে। মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে পাঠানো দুটি নির্দিষ্ট বার্তা গোয়েন্দাদের নজরে আসে। ‘Daydreamer’ নামে পরিচালিত ওই অ্যাকাউন্ট থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতার কাছে বার্তা পাঠানো হয়েছিল বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে প্রাপকের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

একটি বার্তায় লেখা ছিল, ‘ইনশাআল্লাহ বাংলাদেশ ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাবে।’ অন্য একটি বার্তায় আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ডিসেম্বরকে জীবন-মরণের লড়াই হিসেবে উল্লেখ করা হয়। সেখানে জনগণকে মাঠে নামার আহ্বান এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার অতীত অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়।

অভিযোগের বিষয়ে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাঙ্গীরের ব্যক্তিগত ও অফিসিয়াল দুটি মোবাইল ফোন গত ১০ নভেম্বর জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষায় মেসেজ আদান-প্রদানের তথ্য পাওয়া যায় বলে দাবি করা হয়েছে।

গত শনিবার রাতে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, জাহাঙ্গীর আলম টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা এবং তাঁদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তাঁদের মদদে বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্রে সহায়তা করছিলেন তিনি।

দণ্ডবিধির ১২৪ (এ) ও ১৫৩ ধারায় মামলাটি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীরের মোবাইল ফোনে দুটি নির্দিষ্ট বার্তা পাওয়া গেছে, যেগুলোতে রাষ্ট্রদ্রোহিতার উপাদান রয়েছে বলে পুলিশের ধারণা। তদন্তে বিষয়গুলো আরও পরিষ্কার হবে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা-ও তদন্ত করা হবে বলে জানান তিনি। তবে বার্তাগুলো কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জাহাঙ্গীর আলম ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি পুলিশ সুপার পদমর্যাদায় আরআরএফ, চট্টগ্রামের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদাপাশা গ্রামে।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

তথ্যসূত্র:, ১৬ নভেম্বর ২০২৬; চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বক্তব্য ও মামলার এজাহার।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad