সোমবার (১৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা রাজধানীতে একত্রিত হয়ে রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাসভবনে হামলার এমন পরিকল্পনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।
সাদা দলের নেতারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে নতুন করে অস্থিতিশীলতা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের হীন ষড়যন্ত্র গ্রহণযোগ্য হতে পারে না।
বিবৃতিতে আটক ব্যক্তিদের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি হামলার পরিকল্পনার পেছনে কারা ইন্ধন জুগিয়েছে, তা চিহ্নিত করে দ্রুত তাদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স