দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাই সনদের পক্ষে গণভোটে জনগণের দেওয়া রায় মেনে নিয়ে রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সরকার জুলাই সনদের গণভোটের রায় উপেক্ষা করে দেশ পরিচালনার যে মানসিকতা দেখাচ্ছে, তা থেকেই বর্তমান রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। অবিলম্বে জনগণের গণরায় মেনে নিয়ে সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি জানান, চলমান সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। এ ছাড়া ডিসেম্বরজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও জননিরাপত্তাহীনতার ঘটনায় উদ্বেগ জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পুলিশ ও সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
সংসদীয় প্রক্রিয়ায় সংকট সমাধানের আহ্বান
গোলাম পরওয়ার বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের পক্ষে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে সরকার ও বিরোধী দলকে সংসদীয় প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে হবে।
রাজনৈতিক সংকট রাজপথে না ঠেলে সংসদেই এর সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়ে তিনি দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ করেন। একই সঙ্গে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার পাশাপাশি দেশের শিল্প-কারখানা ও অর্থনীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পের স্বার্থও রক্ষা করতে হবে।
বিরোধী দল হিসেবে সরকারের ভালো ও জনকল্যাণমূলক কাজে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, জনগণের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনার চেষ্টা করা হলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক
এদিকে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বুধবার বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও চলমান বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
আজ ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন রাজধানীর ২৯ মিন্টো রোডে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক