বাসটির মালিক মিঠু মিয়া। এটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করত। মিঠু মিয়ার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে। তিনি ওই ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য।
গ্যারেজের নাইট গার্ড সিরাজুল ইসলামের ভাষ্য, রাত ৩টা ৫ মিনিটের দিকে মাস্ক পরা তিন যুবককে বাসের পাশ দিয়ে হেঁটে যেতে দেখেন তিনি। কিছুক্ষণ পর বাসটির সামনের অংশে আগুন জ্বলতে দেখেন। যুবকদের পরনে সাদা শার্ট ছিল বলে জানান তিনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, রাত ৩টা ৮ মিনিটে নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে আগুনের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
বাসের মালিক মিঠু মিয়া অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন তাঁর বাসে আগুন দিয়েছে। তাঁর ধারণা, গানপাউডার ছিটিয়ে আগুন লাগানো হয়েছে। বাসটিই ছিল তাঁর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বলে জানান তিনি।
নীলফামারী বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান মিল্টন বলেন, বুধবারও তাঁদের সংগঠনের একটি বাস মালেকের গ্যারেজে পুড়িয়ে দেওয়া হয়েছে। একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন মালিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। নিরাপত্তা জোরদার না হলে তাঁরা বাস চলাচল বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করবেন বলেও জানান তিনি।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, প্রাথমিকভাবে তাঁদের ধারণা, এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জড়িত। কীভাবে আগুন দেওয়া হয়েছে এবং কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে বুধবার একই এলাকার প্রায় ৫০০ গজের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের পাশে মালেকের গ্যারেজে পার্কিং করা হৃদয়-তাহসিন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির মালিক রংপুর মহানগর যুবদলের ৩১ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল কাইয়ুম রিন্টু হৃদয়। ওই দিন ভোররাতে নগরীর পর্যটন মোটেলের সামনে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পার্কিংয়ে থাকা শিক্ষার্থী পরিবহনের আরেকটি বাসেও অগ্নিসংযোগ করা হয়।

প্রথম দর্পণ,ডেস্ক