নিহত আশরাফ আলী সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ব্যাপারীর ছেলে। তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।
মোটরসাইকেলে এসে হামলা
নিহতের মামা আছির উদ্দিনের বরাত দিয়ে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশরাফ আলী স্থানীয় বাজার থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন। পথে ৭-৮টি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি তার পিছু নেয়। একপর্যায়ে তিনি স্থানীয় রওশন আলীর বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাকে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
আশরাফ আলীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ