শ্রমজীবী মানুষই দেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২১ রাত
  • ৩০৯১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দেশ ও বিদেশের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে তিনি ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬’ উপলক্ষেও শ্রমিকদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বার্তায় ১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেটে আত্মদানকারী শ্রমিকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, শ্রমজীবী মানুষই দেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান অবলম্বন। তাদের জীবনমান উন্নয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধান অঙ্গীকার।

বার্তায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়া বিশ্বাস করতেন শ্রমিকের হাতই উন্নয়নের চাবিকাঠি। তাঁর গৃহীত যুগান্তকারী পদক্ষেপ এবং মধ্যপ্রাচ্যে শ্রমবাজার তৈরির ফলেই আজ প্রবাসী শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতির শক্ত ভিত্তি হয়ে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, বিএনপি সরকার সবসময়ই শ্রমিকদের ভাগ্যোন্নয়নে মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠনের মতো কার্যক্রম পরিচালনা করেছে।

তারেক রহমান বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকারও শ্রমিকের ন্যায্য অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৯টি কনভেনশন অনুস্বাক্ষর করেছে এবং আইএলও-র সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর।

শ্রমিকদের কল্যাণে সরকারের সাম্প্রতিক পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, বিগত ঈদুল ফিতরে সময়মতো বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা হয়েছে এবং ভবিষ্যতে নিয়মিত মজুরি পর্যালোচনা ও নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করা হবে। এছাড়া প্রবাসী শ্রমিকদের জন্য সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, শ্রমিকের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার মাধ্যমেই একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। তিনি মে দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad