সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনায় প্রতিবাদ জানাতে সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার এনসিপির একটি প্রতিনিধি দল নিয়ে তিনি সীমান্ত এলাকা পরিদর্শনে যাবেন।
সোমবার দলটির পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত সীমান্তবাসী মো. খাদিমুল ইসলামের কবর জিয়ারত, আহত ও নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং চলমান সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে এ সফরের আয়োজন করা হয়েছে।
এনসিপির প্রতিনিধি দলে আরও থাকবেন দলটির সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, এম এম শোয়াইব, মোস্তাক আহমেদ শিশির, রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় প্রতিনিধি দলটি হাতীবান্ধায় পৌঁছাবে। পরে সকাল ১১টায় নিহত খাদিমুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা। সকাল সাড়ে ১১টায় সীমান্তে আহত ও নিহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।
এছাড়া দুপুর ১২টায় খাদিমুল ইসলামের কবর জিয়ারত এবং দুপুর ১টায় হাতীবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপি নেতারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই সফর আয়োজন করা হয়েছে।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক