দেশে হাম ও হামের বিভিন্ন জটিল উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৩২ শিশু, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসব শিশুর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন আক্রান্ত শিশুদের অধিকাংশকে স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হঠাৎ করে দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। সংক্রামক এ রোগের বিস্তার ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যখাতে সতর্কতা জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি শিশুদের জ্বর, শরীরে লালচে দানা, কাশি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক