প্রতিমন্ত্রীর অভিযোগের জবাবে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

  • মোঃ জাকির হোসাইন,সম্পাদক
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, ০৯:৩৭ রাত
  • ১৭০৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রতিমন্ত্রীর অভিযোগের জবাবে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

স্থানীয় সরকার বিভাগে অনিয়মের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর বক্তব্যের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী যে অনিয়মের অভিযোগ তুলেছেন, তা সুনির্দিষ্টভাবে জনগণের সামনে প্রকাশ করা উচিত। তিনি বলেন, “কোন ফাইলে অনিয়ম হয়েছে তা স্পষ্ট করে জনগণের জন্য উন্মুক্ত করা হোক। জনগণের জানার অধিকার রয়েছে।”

তিনি আরও বলেন, কোনো সচিব বিদেশে অবস্থান করলে বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকলে প্রশাসনিক নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করতে পারেন। এ ধরনের সিদ্ধান্ত মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনক্রমেই হয়ে থাকে। “এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলেও তা আইনের ব্যত্যয় নয়,” দাবি করেন তিনি।

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি প্রকল্পের ফাইল সচিবের স্বাক্ষর ছাড়াই অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একই সঙ্গে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন প্রকল্পে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার অনিয়ম তদন্তে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, পিরোজপুরের একটি উন্নয়ন প্রকল্পে টেন্ডার দেওয়ার পর কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এসব অনিয়মের কারণে গত দুই বছর ধরে জেলার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি জানান, দ্রুত পিরোজপুর পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad